ঢাকা অ্যাপারেল সামিট বর্জন করছে পাঁচ ব্র্যান্ড
তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর ঢাকা অ্যাপারেল সামিট বর্জন করছে বিশ্বখ্যাত পাঁচ ব্র্যান্ড এইচঅ্যান্ডএম, ইন্ডিটেক্স (জারা), সিঅ্যান্ডএ, নেক্সট ও চিবো। ব্র্যান্ডগুলো প্রতিবছর বাংলাদেশ থেকে কয়েক শ কোটি ডলারের পোশাক কিনে থাকে।
শ্রমিক সংগঠনের আন্তর্জাতিক জোট ইথিক্যাল ট্রেডিং ইনিশিয়েটিভ ও ক্লিন ক্লথ ক্যাম্পেইন (সিসিসি) যথাক্রমে গত সোমবার ও গতকাল বুধবার নিজেদের ওয়েবসাইটে বিবৃতি দিয়ে পাঁচ ব্র্যান্ডের অ্যাপারেল সামিট বর্জনের তথ্যটি জানিয়েছে। তারা বলেছে যে এইচঅ্যান্ডএম, ইন্ডিটেক্স (জারা), সিঅ্যান্ডএ, নেক্সট ও চিবোর মতো বড় ব্র্যান্ডের এই নজিরবিহীন ঘটনার কারণে বাংলাদেশ সরকার ও বিজিএমইএ বিব্রতকর অবস্থায় পড়বে। এর মাধ্যমে পোশাক খাতের শ্রমিক অধিকার নিশ্চিত করার বিষয়ে আন্তর্জাতিক মহলের উদ্বেগ বাড়বে।
রাজধানীর সোনারগাঁও হোটেলে আগামী শনিবার দ্বিতীয়বারের মতো ঢাকা অ্যাপারেল সামিট আয়োজন করবে বিজিএমইএ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে দিনব্যাপী এই সামিটের উদ্বোধন করবেন। সম্মেলনে তিনটি সেমিনারে মন্ত্রী, প্রতিমন্ত্রী, রাষ্ট্রদূত, সচিব, অধ্যাপক, দাতা সংস্থার প্রতিনিধি, ব্র্যান্ডের কর্মকর্তাদের বক্তব্য দেওয়ার কথা রয়েছে। পোশাকশিল্পের টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে সামিট আয়োজন করছে বিজিএমইএ। তবে মূল উদ্দেশ্য ইতিবাচক ভাবমূর্তি গড়া।
পোশাকশিল্পে মজুরি বৃদ্ধির দাবিতে গত ডিসেম্বরে আশুলিয়ায় শ্রম আন্দোলন হয়। শ্রমিকদের টানা ধর্মঘটের একপর্যায়ে ৫৯টি কারখানা চার দিন বন্ধ রাখে বিজিএমইএ। একই সঙ্গে নয়টি মামলা করেন কারখানার মালিকেরা ও পুলিশ প্রশাসন। এসব মামলায় শ্রমিকনেতাসহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে পুলিশ। এ ছাড়া দেড় হাজারের বেশি শ্রমিক ছাঁটাই করে কয়েকটি কারখানা।
গ্রেপ্তারকৃত শ্রমিকনেতাদের মুক্তি ও মামলা থেকে অব্যাহতি দেওয়ার দাবিতে ডিসেম্বর থেকেই আন্দোলন করছে আন্তর্জাতিক শ্রম সংগঠন। সেই আন্দোলনে একাত্মতা জানিয়ে পাঁচ ব্র্যান্ড অ্যাপারেল সামিট বর্জন করছে বলে জানিয়েছে ইথিক্যাল ট্রেডিং ইনিশিয়েটিভ ও ক্লিন ক্লথ ক্যাম্পেইন। এর আগে গত মাসে মজুরি বৃদ্ধি, শ্রমিকনেতাদের মুক্তি ও শ্রমিকদের অধিকার নিশ্চিতে প্রধানমন্ত্রীকে এক দফা চিঠি দেয় এইচঅ্যান্ডএমসহ ২০টির বেশি ব্র্যান্ড ও ক্রেতা প্রতিষ্ঠান।
সামিট বর্জন করার বিষয়ে পাঁচ ব্র্যান্ড নিজেরা কোনো ঘোষণা না দিলেও প্রচারণা চালাচ্ছে শ্রম সংগঠনের আন্তর্জাতিক জোট। ক্লিন ক্লথ ক্যাম্পেইনের মিরজাম ভ্যান হিউগটেন এক বিবৃতিতে বলেছেন, অ্যাপারেল সামিট বর্জন করার মধ্য দিয়ে ব্র্যান্ডগুলো সরকার ও বিজিএমইএকে পরিষ্কার এই বার্তাটি দিতে চায় যে সব শ্রমিকনেতা মুক্তি না পেলে, তাঁদের বিরুদ্ধে অভিযোগ তুলে না নিলে এবং শ্রমিক সংগঠনের নেতা-কর্মীদের হয়রানি বন্ধ না করলে পোশাকশিল্পের টেকসই প্রবৃদ্ধি অর্জনের সম্মেলনে ব্র্যান্ডগুলো বিশ্বাসযোগ্যভাবে অংশগ্রহণ করতে পারবে না।
গত রোববার বিজিএমইএর এক সহসভাপতি বলেন, আটক সব শ্রমিকনেতা জামিনে মুক্তি পেয়েছেন। ফলে ব্র্যান্ডগুলোর সামিট বর্জন করার কোনো যৌক্তিকতা নেই। তবে গতকাল বুধবার রাতে বাংলাদেশ সেন্টার ফর ওয়ার্কার্স সলিডারিটির নির্বাহী পরিচালক কল্পনা আক্তার দাবি করেন, ‘এখনো আমাদের তালিকাভুক্ত তিনজন শ্রমিক ও দুজন শ্রমিকনেতা কারাগারে আটক আছেন। আরও তিনজন শ্রমিক কারাগারে আটক আছেন বলে আমরা জানতে পেরেছি।’
এদিকে পাঁচ ব্র্যান্ড প্রতিনিধিদের সম্মেলন বর্জনের বিষয়টিকে প্রকাশ্যে খুব একটা গুরুত্ব দিচ্ছে না বিজিএমইএর শীর্ষ নেতৃত্ব। সংগঠনের সভাপতি সিদ্দিকুর রহমান গত রোববার এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা সবাইকে (ব্র্যান্ড) আমন্ত্রণ জানিয়েছি। কেউ আসতে পারে, আবার কেউ না-ও আসতে পারে। বিভিন্নজনের বিভিন্ন সমস্যা থাকতে পারে। তার জন্য সম্মেলন ক্ষতিগ্রস্ত হবে বলে আমরা মনে করি না।’
জানতে চাইলে গত রাতে বিজিএমইএর সহসভাপতি মোহাম্মদ নাছির বলেন, ‘তারা (পাঁচ ব্র্যান্ড) আমাদের প্রধান অতিথি কিংবা বিশেষ অতিথি না। তাই তাদের প্রতিনিধি না এলে কিছু উলটপালট হবে না। তবু আমরা আশা করব, তারা আসবে।’ তিনি বলেন, ‘আশুলিয়ার ঘটনায় দেশের আইন অনুযায়ী দোষী ব্যক্তিদের বিরুদ্ধে মামলা হয়েছে। এইচঅ্যান্ডএম হোক আর যে-ই হোক না কোনো, দেশের প্রচলিত আইনকে কেউ বৃদ্ধাঙ্গুলি দেখাতে পারে না। চাপ প্রয়োগ করতে পারে না। ব্র্যান্ডগুলোর উচিত তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করা।’
এ বিষয়ে কল্পনা আক্তার প্রথম আলোকে বলেন, সামিট আয়োজনের উদ্দেশ্য ব্র্যান্ড প্রতিনিধিদের সামনে পোশাকশিল্পের ভালো ও খারাপ দিক তুলে ধরা। এখন বড় পাঁচটি ব্র্যান্ডই যদি সামিটে অংশ না নেয়, তাহলে অবশ্যই নেতিবাচক প্রভাব পড়বে।