ঢাকা অ্যাপারেল সামিট শনিবার
‘টুগেদার ফর বেটার টুমোরো’ শীর্ষক স্লোগান নিয়ে দ্বিতীয়বারের মতো ঢাকা অ্যাপারেল সামিট-২০১৭ করতে যাচ্ছে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। আগামী শনিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক দিনের এই সম্মেলনের উদ্বোধন করবেন।
রাজধানীর কারওয়ান বাজারে বিজিএমইএ কার্যালয়ের অ্যাপারেল ক্লাবে আজ রোববার আয়োজিত এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমান।
বিজিএমইএর সভাপতি বলেন, অ্যাপারেল সামিটের মূল লক্ষ্য হচ্ছে সরকার, বেসরকারি খাত, ব্র্যান্ড, শ্রমিক সংগঠনসহ পোশাকশিল্পের সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে বাংলাদেশের পোশাক খাতে টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করা।
সিদ্দিকুর রহমান জানান, অ্যাপারেল সামিটে উন্নত বাংলাদেশের জন্য ব্যবসায় নীতি ও পরিবেশ, টেকসই প্রবৃদ্ধির জন্য দায়িত্বশীল উৎস ও সহযোগিতা, পোশাকশিল্পের রূপান্তর ও ভবিষ্যতে করণীয়—এই তিনটি বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হবে। এসব সেমিনারে বক্তব্য দেবেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, বাণিজ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুন, ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া স্টিফেনস ব্লুম বার্নিকাট, নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত লিওনি মার্গারাথা কুয়েলিনারি, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত পিয়েরে মায়াদুন, সুইডেনের রাষ্ট্রদূত জোহান ফ্রিসেল প্রমুখ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিজিএমইএর সহসভাপতি ফারুক হাসান, মঈনুদ্দিন আহমেদ, এস এম মান্নান, মোহাম্মদ নাছির ও মাহমুদ হাসান খান, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) চেয়ারম্যান এম এ সবুর, বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক মহিউদ্দিন রুবেল।
ঢাকা অ্যাপারেল সামিট আয়োজনে বিজিএমইএকে সহযোগিতা করছে বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জ। টাইটেল স্পনসর হিসেবে আছে ইউসিবি।
২০১৪ সালের ডিসেম্বরে প্রথম অ্যাপারেল সামিটের আয়োজন করে বিজিএমইএ। সেই সম্মেলনে ২০২১ সালের মধ্যে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি ৫ হাজার কোটি বা ৫০ বিলিয়ন ডলারে নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা ঘোষণা করা হয়।