ঢাকা আউটসোর্সিংয়ের ঋণ আটকে গেল
ন্যাশনাল ব্যাংকের গুলশান শাখা থেকে ঢাকা আউটসোর্সিং অ্যান্ড কনস্ট্রাকশন নামের একটি প্রতিষ্ঠানকে ১০০ কোটি টাকা ঋণ দেওয়ার আয়োজন চূড়ান্ত হয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে এসে ঋণের অর্থ ছাড় না করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কারণ, ঋণ অনুমোদনের ক্ষেত্রে কোনো বিধান মানা হয়নি। তাই ব্যাংকটিও ঢাকা আউটসোর্সিংকে আর ঋণ বিতরণ করতে পারেনি।
ব্যাংক সূত্রে জানা গেছে, ন্যাশনাল ব্যাংকের গুলশান শাখায় ঢাকা আউটসোর্সিং অ্যান্ড কনস্ট্রাকশন নামের প্রতিষ্ঠানটি নতুন হিসাব খুলে গত বছর ১০০ কোটি টাকার ঋণ আবেদন করে। নভেম্বরে ব্যাংক থেকে এ ঋণ অনুমোদনও করা হয়। কিন্তু ১০০ কোটি টাকার ঋণের বিপরীতে যে জমি বন্ধক দেওয়া হয়েছে, তার বাজারমূল্য ৬৯ কোটি টাকা। নিয়ম থাকলেও ব্যাংকের পক্ষ থেকে সার্ভেয়ার দিয়ে জমির মূল্যায়নও করা হয়নি। বরং ৬৯ কোটি টাকার যে মূল্য গ্রাহক দেখিয়েছেন, সেটিকেই আমলে নেয় ব্যাংক। এমনকি ২০০৯ সালে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা হলেও ঋণের জন্য শুধু ২০১৫ সালের অনিরীক্ষিত আর্থিক বিবরণী জমা দেওয়া হয়েছে। যেখানে কাগজেকলমে প্রতিষ্ঠানটির ২০১৫ সালের মুনাফা দেখানো হয় ১৩৩ কোটি টাকা ও ২০১৬ সালের মুনাফার প্রাক্কলন করা হয় ২৫০ কোটি টাকা। তবে কর-পরবর্তী মুনাফা উল্লেখ করা হয়নি। ব্যাংকের ঋণ প্রস্তাবের স্মারকে আর্থিক বিবরণীর অতিরঞ্জিত তথ্য উপস্থাপন করা হয়। গ্রাহক ঋণ নিয়ে কী কাজে ব্যবহার করবেন, তার কোনো বিবরণও দেওয়া হয়নি। ঋণটি গুলশান শাখার হলেও অনুমোদনের জন্য শাখা ও প্রধান কার্যালয়ের কোনো সুপারিশ নেই। অথচ ঋণ আবেদনটি ব্যাংকের ৫২৫তম সভায় অনুমোদন করা হয়।
ঋণ আবেদনের নথিপত্রে প্রতিষ্ঠানটির কর্ণধার হিসেবে শওকত হোসেনের নাম থাকলেও এর সুবিধাভোগী অন্য কেউ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ জন্য ঋণ অনুমোদনের ক্ষেত্রে প্রচলিত নিয়মনীতি মানা হয়নি বলে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের ধারণা। এ কারণে শেষ পর্যন্ত ঋণটি বাংলাদেশ ব্যাংক আটকে দিয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের এ-সংক্রান্ত নথিপত্রে বলা হয়েছে, কোনো রকম যাচাই-বাছাই ছাড়াই প্রতিষ্ঠানটিকে ঋণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। ঋণের ঝুঁকিও বিশ্লেষণ করা হয়নি। এ ছাড়া প্রতিষ্ঠানটি সম্পর্কে ব্যাংকের কাছে বিস্তারিত তথ্য না থাকায় প্রকৃত সুবিধাভোগী কারা তা নিয়েও প্রশ্ন রয়েছে। এ কারণে ঋণের বিতরণ বন্ধ করে দেওয়া হয়েছে।
ঋণ বাতিলের বিষয়ে জানতে চাইলে ন্যাশনাল ব্যাংকের গুলশান শাখার ব্যবস্থাপক একরামুল হক গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, ‘গ্রাহক এরই মধ্যে বিষয়টি জেনে গেছেন।’