মাত্র ২৫ কোটি টাকার রপ্তানি আদেশ নিয়ে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ ২০১০) গতকাল সোমবার শেষ হয়েছে। আর এই রপ্তানি আদেশ পাওয়ার জন্য সরকারকে কেবল অবকাঠামো নির্মাণেই ১৫ কোটি টাকা ব্যয় করতে হয়েছে।রাজধানীর আগারগাঁওয়ে অনুষ্ঠিত এই মেলায় স্বাগতিক বাংলাদেশসহ ১৪টি দেশের মোট ৫৩১টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। ৩১ দিনব্যাপী এই মেলায় সব মিলিয়ে ৫০ লাখের বেশি দর্শক-ক্রেতার সমাগম হয়েছিল। মেলার যৌথ আয়োজক ছিল বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)।মেলা প্রাঙ্গণে গতকাল এক সমাপনী অনুষ্ঠানে এসব তথ্য প্রদান করা হয়। সমাপনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী ফারুক খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম আবুল কাসেম, বাণিজ্যসচিব মো. গোলাম হোসেন এবং বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি এ কে আজাদ। স্বাগত বক্তব্য দেন ইপিবির ভাইস চেয়ারম্যান জালাল আহমেদ। ফারুক খান বলেন, এবার মেলা থেকে ২৫ কোটি টাকার তাৎক্ষণিক রপ্তানি আদেশ পাওয়া গেছে। অংশগ্রহণকারীদের পক্ষ থেকে মেলার সময়সীমা বাড়ানোর প্রস্তাব করা হলেও এসএসসি পরীক্ষা, বইমেলা ও বিশ্বকাপ ক্রিকেট আয়োজনের কারণে তা বাড়ানো সম্ভব হয়নি। তবে আগামী মেলার মেয়াদ বর্তমান সময়সীমার চেয়ে বাড়ানো হবে বলে তিনি জানান।মন্ত্রী আরও জানান, আগামী বছর থেকে শেরেবাংলা নগরের এই স্থানে আর বাণিজ্য মেলা হবে না। কারণ এখানে সচিবালয় নির্মাণের কাজ শুরু হবে। এ জন্য ঢাকা ও ঢাকার আশপাশে মেলার জন্য জায়গা নির্বাচন এবং মেলার একটি স্থায়ী কাঠামো নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে।বাণিজ্যসচিব মো. গোলাম হোসেন বলেন, আগামী বছর মেলায় কেবল রপ্তানির জন্য উৎপাদিত দেশীয় পণ্য ও স্থানীয় বাজারে বিক্রির জন্য উৎপাদিত পণ্য প্রদর্শনকে অগ্রাধিকার দেওয়া হবে। স্থানীয় পরিবেশকদের কাছ থেকে বিদেশি পণ্য কিনে এখানে প্রদর্শনের কোনো সুযোগ দেওয়া হবে না। এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ বলেন, মেলার অবকাঠামো নির্মাণের জন্য প্রতিবছর প্রায় ১৫ কোটি টাকা ব্যয় হয়। অথচ মেলা শেষ হওয়ার পর এটি ভেঙে ফেলতে হয়। অর্থ অপচয় রোধে তিনি বাণিজ্য মেলার জন্য একটি স্থায়ী কাঠামো নির্মাণের প্রস্তাব করেন।পুরস্কার: মেলার সমাপনী অনুষ্ঠানে প্যাভিলিয়ন সাজসজ্জার ওপর ভিত্তি করে দেশি-বিদেশি ৪৭টি প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়। বাণিজ্যমন্ত্রী ফারুক খান এই পুরস্কার বিতরণ করেন।দেশি প্যাভিলিয়নগুলোর মধ্যে সাইকেল লাইফ লিমিটেড প্রথম পুরস্কার; আকতার ফার্নিচার ও আরবি গ্রুপ (ওয়ালটন) যৌথভাবে দ্বিতীয় এবং নেসলে বাংলাদেশ, কারুপণ্য রংপুর ও ফার সিরামিক যৌথভাবে তৃতীয় পুরস্কার পেয়েছে। আফতাব অটোমোবাইলস ও র্যাংগস গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ পেয়েছে বিশেষ পুরস্কার। বিশেষ প্যাভিলিয়ন শাখায় এশিয়ান টেক্সটাইল প্রথম পুরস্কার পেয়েছে।মিনি প্যাভিলিয়ন ক্যাটাগরিতে এনার্জিপ্যাক পাওয়ার প্রথম; রোমানিয়া ফুড ও বে অ্যাকুরিয়াম যৌথভাবে দ্বিতীয় এবং রহিমআফরোজ ডিস্ট্রিবিউশন, ফিট এলিগেন্স ও বিআরবি ক্যাব্লস যৌথভাবে তৃতীয় পুরস্কার পেয়েছে। এপিক হোম অ্যাপ্লায়েন্স ও হাতিল কমপ্লেক্স বিশেষ পুরস্কার পেয়েছে।স্টল ক্যাটাগরিতে এইচআরসি প্রডাক্ট প্রথম; সাত্তার মেটাল ও টোনটুনি যুগ্মভাবে দ্বিতীয় এবং ফেদার টাচ, মডার্ন ইরেশন ও করোনেট ইমপেক্স তৃতীয় পুরস্কার পেয়েছে। রাজ টেক্সটাইল, বেঙ্গল রেফ্রিজারেশন, জেসিএল হোম অ্যাপ্লায়েন্স, বিল্ডকম ও মডার্ন হারবালকে বিশেষ পুরস্কার দেওয়া হয়েছে। প্রিমিয়ার প্যাভিলিয়ন শাখায় বেস্টওয়ে ফাউন্ডেশন প্রথম; এসকোয়ার ইলেকট্রনিকস দ্বিতীয় ও বাটারফ্লাই মার্কেটিং তৃতীয় পুরস্কার পেয়েছে।প্রিমিয়ার মিনি প্যাভিলিয়ন শাখায় ডাচ-বাংলা ব্যাংক প্রথম, পারটেক্স প্লাস্টিক দ্বিতীয় ও তানিন বাংলাদেশ মার্কেটিং তৃতীয় পুরস্কার পেয়েছে। এ ছাড়া প্রিমিয়াম স্টল শাখায় হেলাল অ্যান্ড ব্রাদারস প্রথম, চেমট্রেক ইন্ডাস্ট্রিজ দ্বিতীয় ও আলফা বলপেন তৃতীয় পুরস্কার পেয়েছে। উপজাতীয় সম্প্রদায় শাখায় মনিপুরি হ্যান্ডিক্রাফটসকে বিশেষ পুরস্কার দেওয়া হয়। মহিলা উদ্যোক্তা হিসেবে কুষ্টিয়া হস্তশিল্প ও মা এন্টারপ্রাইজ বিশেষ পুরস্কার পায়।বিদেশি প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্যাভিলিয়ন বিভাগে ফিলিপস ইলেকট্রনিকস সিঙ্গাপুর প্রথম ও তুরস্কের হাডেক্স হালি ডেরি টেকস্টিল দ্বিতীয় পুরস্কার পেয়েছে। বিদেশি মিনি প্যাভিলিয়ন হিসেবে বিডি কোরিয়া ট্রেড পুরস্কার পেয়েছে। এ ছাড়া বিদেশি স্টলে অ্যারোমা কসমেটিকস (যুক্তরাষ্ট্র) প্রথম, জর্দানা কসমেটিকস (যুক্তরাষ্ট্র) দ্বিতীয় এবং সিঙ্গাপুরের এমকে ইলেট্রিকস ও ভারতের মুঘল কটেজ তৃতীয় পুরস্কার পেয়েছে।