ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা সমাপ্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় ২৫ কোটি টাকার রপ্তানি আদেশ নিয়ে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ ২০১০) গতকাল রোববার শেষ হয়েছে। রাজধানীর আগারগাঁওয়ে অনুষ্ঠিত এই মেলায় স্বাগতিক বাংলাদেশসহ ১২টি দেশের মোট ৪৮৬টি প্রতিষ্ঠান অংশ নেয়।পাঁচ সপ্তাহব্যাপী এই মেলায় সব মিলিয়ে ৩৫ লাখের বেশি দর্শক-ক্রেতার সমাগম হয়েছিল। মেলার যৌথ আয়োজক ছিল বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)।মেলা প্রাঙ্গণে গতকাল এক সমাপনী অনুষ্ঠানে এসব তথ্য দেওয়া হয়। সমাপনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী ফারুক খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. গোলাম হোসেন এবং বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের সভাপতি আনিসুল হক। স্বাগত বক্তব্য দেন ইপিবির ভাইস চেয়ারম্যান মো. সাহাব উল্লাহ। ফারুক খান বলেন, বিভিন্ন ধরনের বাণিজ্য মেলা আয়োজনের লক্ষ্যে সরকার ৩০০ কোটি টাকা ব্যয়ে একটি স্থায়ী কাঠামো তৈরির পরিকল্পনা নিয়েছে। আগামী তিন-চার বছরে মেলার স্থায়ী অবকাঠামো নির্মাণের কাজ শেষ করা সম্ভব হবে। এবার মেলা থেকে ২৫ কোটি টাকার তাত্ক্ষণিক রপ্তানি আদেশ পাওয়া গেছে বলে তিনি জানান। ভারপ্রাপ্ত বাণিজ্যসচিব মো গোলাম হোসেন বলেন, বড় ধরনের অঘটন ছাড়া এবারের মেলা সুষ্ঠুভাবে শেষ হচ্ছে। তিনি মেলায় আগত বিদেশি অংশগ্রহণকারীদের এ দেশের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক আরও জোরদার করার আহ্বান জানান।এফবিসিসিআইয়ের সভাপতি আনিসুল হক বলেন, সরকার বিভিন্ন ধরনের অবকাঠামো উন্নয়ন করলে এবং নীতিগত সহায়তা দিলে মোট দেশজ আয়ের (জিডিপি) প্রবৃদ্ধি ছয় শতাংশ থেকে বাড়িয়ে আট শতাংশে উন্নীত করা সম্ভব হবে। যেসব উদ্যোক্তা দেশীয় পণ্য বিক্রির কথা বলে স্টল নিয়ে বিদেশি পণ্য প্রদর্শন করছেন, তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেন তিনি।পুরস্কার: মেলার সমাপনী অনুষ্ঠানে প্যাভিলিয়ন সাজসজ্জার ওপর ভিত্তি করে দেশি-বিদেশি ৪৩টি প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়। ফারুক খান এই পুরস্কার বিতরণ করেন।দেশি প্যাভিলিয়নগুলোর মধ্যে আখতার ফার্নিচার প্রথম পুরস্কার; আরবি গ্রুপ (ওয়ালটন) ও মিরপুর সিরামিক ওয়ার্কস লিমিটেড যৌথভাবে দ্বিতীয় এবং ইন্ট্রাকো সিএনজি, অটবি লিমিটেড ও ফার সিরামিক যৌথভাবে তৃতীয় পুরস্কার পেয়েছে। হাতিল কমপ্লেক্স ও বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ পেয়েছে বিশেষ পুরস্কার। বিশেষ প্যাভিলিয়ন শাখায় এশিয়ান টেক্সটাইল প্রথম পুরস্কার পেয়েছে।মিনি প্যাভিলিয়ন ক্যাটাগরিতে বে ট্যানারিজ প্রথম; ফিট এলিগেন্স ও জনতা ব্যাংক যৌথভাবে দ্বিতীয় এবং ডাচ-বাংলা ব্যাংক, এপিক হোম অ্যাপ্লায়েন্স ও হামদার্দ ল্যাবরেটরিজ যৌথভাবে তৃতীয় পুরস্কার পেয়েছে।স্টল ক্যাটাগরিতে আর্টিস্টি কালেকশন প্রথম; এইচআরসি প্রডাক্ট ও ম্যাজিস্টিক ফুটওয়্যার যুগ্মভাবে দ্বিতীয় এবং শতরঞ্জি পল্লী, বিল্ডকম ও সিলিকা আর্ট গ্লাস তৃতীয় পুরস্কার পেয়েছে। সাত্তার মেটাল, ওয়েলবার্গ, হোম টেক্সটাইল ও স্ট্যান্ডার্ড পট্টেরি ইন্ডাস্ট্রিজকে বিশেষ পুরস্কার দেওয়া হয়েছে।প্রিমিয়ার প্যাভিলিয়ন শাখায় বেস্টওয়ে ফাউন্ডেশন প্রথম, ফিনাল টাচ লিমিটেড দ্বিতীয় ও পারটেক্স ফার্নিচার তৃতীয় পুরস্কার পেয়েছে।প্রিমিয়ার মিনি প্যাভিলিয়ন শাখায় নাভানা লিমিটেড (টয়োটা) পুরস্কার পেয়েছে।প্রিমিয়ার স্টলে চেমট্রেক ইন্ডাস্ট্রি প্রথম, হেলাল ব্রাদার্স দ্বিতীয় এবং আইআরসিএলএফ কোম্পানি তৃতীয় পুরস্কার পেয়েছে।আদিবাসী সম্প্রদায় শাখায় মনিপুরী হ্যান্ডিক্রাফটস, বনানী টেক্সটাইল ও রঙকে বিশেষ পুরস্কার দেওয়া হয়। মহিলা উদ্যোক্তা হিসেবে উইমেন চেম্বার, সেজুতি হ্যান্ডিক্রাফট ও জেফরি ইন্টারন্যাশনাল বিশেষ পুরস্কার পায়।বিশেষ রপ্তানিপণ্য বিভাগে এমএক্সএন মডার্ন হারবাল ফুড লিমিটেডকে বিশেষ পুরস্কার দেওয়া হয়েছে।বিদেশি প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্যাভিলিয়ন বিভাগে তুরস্কের হাডেক্স হাল ডেরি টেকস্টিল পুরস্কার পেয়েছে। বিদেশি স্টলে জর্দানা কসমেটিক (যুক্তরাষ্ট্র) প্রথম, কাশ্মীরি গিফট হাউস (ভারত) দ্বিতীয় এবং অ্যারোমা কসমেটিকস (যুক্তরাষ্ট্র) তৃতীয় পুরস্কার পেয়েছে।