ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ১ জানুয়ারি থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের পণ্য প্রদর্শনীর সবচেয়ে বড় আসর ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০১২ আগামী ১ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে। রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এবং বাণিজ্য মন্ত্রণালয়ের যৌথ আয়োজনে মাসব্যাপী এই বাণিজ্য মেলায় এবার বাংলাদেশসহ ১৩টি দেশ অংশ নেবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেলার উদ্বোধন করবেন বলে আশা করা যাচ্ছে। খবর ইউএনবি। ইপিবির কর্মকর্তারা জানান, সফলভাবে মেলা আয়োজনের জন্য সব ধরনের প্রস্তুতি চলছে। এবারের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় (ডিআইটিএফ) প্রিমিয়ার ও মিনি প্যাভিলিয়ন এবং প্রিমিয়ার স্টল থেকে বিপুল অংকের মুনাফা আসবে বলে প্রত্যাশা করছেন তাঁরা। উল্লেখ্য, ইপিবি গত বছরের বাণিজ্য মেলা থেকে সাত কোটি ১৯ লাখ টাকা মুনাফা করে। এ ছাড়া মেলায় প্রবেশপথের ইজারা থেকে আয় হয় দুই কোটি ২৮ লাখ টাকা। ইপিবি জানায়, এবার মেলায় গাড়ি পার্কিংয়ের জায়গা বাড়ানো হবে। নিরাপত্তা নিশ্চিত করতে থাকছে পুলিশের পাশাপাশি আনসার বাহিনীর বিপুলসংখ্যক সদস্য। এ ছাড়া মেলা প্রাঙ্গণে ক্লোজ সার্কিট ক্যামেরার (সিসিটিভি) সংখ্যাও বাড়ানো হবে।ইপিবির উপপরিচালক বেলাল হোসেন জানান, এবার মেলায় ৫৩টি প্রিমিয়ার প্যাভিলিয়ন, ৩৬টি মিনি প্যাভিলিয়ন, ৫০টি প্রিমিয়ার স্টল ও ছয়টি রেস্টুরেন্টের মধ্যে কিছুসংখ্যক নিলামের মাধ্যমে বরাদ্দ দেওয়া হবে। এ ছাড়া ৩০১টি সাধারণ স্টলের মধ্যে ২২টি সাধারণ প্যাভিলিয়ন ও আটটি সাধারণ মিনি প্যাভিলিয়ন থাকবে। বেলাল হোসেন আরও জানান, প্যাভিলিয়ন ক্যাটাগরির নিলাম ১০ লাখ টাকা থেকে শুরু হয়েছে। এতে সর্বোচ্চ ৩১ লাখ টাকা দর উঠেছে। এ ছাড়া আগের দুবারের চেয়ে মেলার প্রবেশপথ ইজারার ক্ষেত্রেও ভালো সাড়া পাওয়া গেছে। মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠান ও পণ্য বাছাই উপ-কমিটির আহ্বায়ক এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ জানান, স্বচ্ছতার সঙ্গে যাচাই-বাছাই করে ৩০১টি সাধারণ স্টল ইতিমধ্যে বরাদ্দ দেওয়ার কাজ শেষ হয়েছে।রাজধানীর শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পশ্চিমদিক-সংলগ্ন মাঠে প্রতিবারের মতো এবারও মেলাটি অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, চীন, ইরান, ইউরোপীয় ইউনিয়ন, তরস্ক, আমেরিকা, সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া, জাপান, সৌদি আরব ও মরক্কোর ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তারা অংশ নেবেন।