মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা বা ডিআইটিএফ শুক্রবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার পরিসর বাড়ছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের আদলে তৈরি মূল ফটকে এখন রঙের কাজ চলছে। এর সামনে উঁচু টাওয়ারে বিশাল গোলক উঠেছে। অনেক জায়গাজুড়ে ইটের স্তূপ। সেই ইট বিছিয়ে অস্থায়ী সড়ক নির্মাণের কাজ করে যাচ্ছেন শ্রমিকেরা। ভেতরে স্টল ও প্যাভিলিয়নের কাজও হচ্ছে সমানতালে।
রাজধানীর শেরেবাংলা নগরে ২১তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার (ডিআইটিএফ) প্রস্তুতি দেখতে গিয়ে গতকাল সোমবার দুপুরে এমন চিত্রই চোখে পড়েছে। শ্রমিকদের বিরামহীন কাজ আর হাঁকডাকে পুরো এলাকাই মুখরিত। দুই দিন পর শুক্রবার বিকেলে সেখানে মাসব্যাপী বাণিজ্য মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে উদ্বোধনী অনুষ্ঠান হবে মেলার পাশের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) যৌথভাবে মেলাটির আয়োজন করছে।
ইপিবির কর্মকর্তারা জানান, গত বছরের চেয়ে এবার বাণিজ্য মেলার পরিসর বাড়ছে। অব্যবহৃত জায়গায় স্টল বসছে। চওড়া করা হয়েছে সড়ক। বিভিন্ন ধরনের প্যাভিলিয়ন, সাধারণ স্টল, বিদেশি প্রতিষ্ঠানের সংখ্যা গতবার ছিল ৫০৩টি। এবার তা বেড়ে ৫৩৬-এ উন্নীত হয়েছে। এর মধ্যে ৬০টি প্রিমিয়ার, নয়টি জেনারেল বা সাধারণ, তিনটি রিজার্ভ ও ৩৮টি বিদেশি প্যাভিলিয়ন এবং ৫৫টি মিনি-প্যাভিলিয়ন, ৩৪১টি স্টল ও ৩০টি রেস্তোরাঁ রয়েছে।
এবারের ডিআইটিএফে স্বাগতিক বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, চীন, মালয়েশিয়া, ইরান, থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র, তুরস্ক, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়াসহ ২১ দেশ অংশ নিচ্ছে।
এবারে নারী উদ্যোক্তাদের স্টল ২৯ থেকে বৃদ্ধি পেয়ে হয়েছে ৩৮টি। বঙ্গবন্ধু ও বাংলাদেশ নামে একটি বিশেষ প্যাভিলিয়নের পাশাপাশি সুন্দরবন ইকো পার্কসহ সরকারি কয়েকটি প্রতিষ্ঠানেরও স্টল থাকবে। মা ও শিশুকেন্দ্র থাকছে দুটি। মেলার মূল ফটকের পাশে পার্কিংয়ের জায়গা বাড়ানো হয়েছে। ফলে গাড়ি রাখা যাবে ৭০০টি। নিরাপত্তা নিশ্চিতে পুলিশের পাশাপাশি এলিট ফোর্স র্যাব, বিজিবি ও আনসার সদস্যরা থাকবেন।
মেলার ভিআইপি ফটক দিয়ে গতকাল ভেতরে যেতেই দেখা গেল, সারি সারি সাধারণ স্টলের কাজ চলছে। কিছু স্টলের কাজ কেবল শুরু হয়েছে। আবার কিছু স্টলের রঙের কাজ শেষ, পণ্য তোলা বাকি। বেস্টবাই, স্বপ্ন, ওয়ালটন, আক্তার ফার্নিচার, হাতিল ফার্নিচারের মতো বড় প্রতিষ্ঠানের প্যাভিলিয়নের কাজ চলছে দ্রুতগতিতে। তবে মাঝেমধ্যে কয়েকটি স্টলের জায়গায় কোনো কাজের চিহ্ন খুঁজে পাওয়া গেল না। অবশ্য পরে জানা গেল, ১৩টি প্যাভিলিয়ন ও স্টল বরাদ্দ এখনো চূড়ান্ত হয়নি। এ ছাড়া মেলার সৌন্দর্যবর্ধনে বাগানের কাজে হাত দেওয়া হয়নি এখনো।
মেলার ভেতরের সড়কে ইট বিছানো হচ্ছে, তবে অধিকাংশ কাজই বাকি। এ বিষয়ে জানতে চাইলে বাণিজ্য মেলার সদস্যসচিব রেজাউল করিম প্রথম আলোকে বলেন, ‘সড়কের কাজ সব সময়ই ৩১ ডিসেম্বর শেষ হয়। কারণ, প্যাভিলিয়ন তৈরির জন্য বড় বড় ট্রাক পণ্য নিয়ে মেলার ভেতরে আসে। এ সময় ইটের সড়ক করা হলে ভেঙে যায়। তাই পরে করা হয়।’
প্রতিটি বাণিজ্য মেলাতেই ক্রেতারা অভিযোগ করেন, রেস্তোরাঁগুলো খাবারের অস্বাভাবিক দামের পাশাপাশি বিভিন্ন ধরনের হয়রানি করে থাকে। এ বিষয়ে তদারক করতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বাণিজ্য মন্ত্রণালয়, ইপিবি, এফবিসিসিআই, খাবারের দোকানের দুজন প্রতিনিধিসহ নয় সদস্যের একটি কমিটি কাজ করবে। কমিটি রেস্তোরাঁর মূল্যতালিকা পর্যবেক্ষণের পাশাপাশি অন্যান্য বিষয়ও তদারক করবে বলে জানালেন রেজাউল করিম।
প্রধানমন্ত্রী উদ্বোধন করার পরই মেলাপ্রাঙ্গণ সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। মেলায় একবার প্রবেশে টিকিটের মূল্য প্রাপ্তবয়স্কদের জন্য ৩০ টাকা ও শিশুদের জন্য ২০ টাকা নির্ধারণ করা হয়েছে। ৬ কোটি ১৫ লাখ টাকার বিনিময়ে প্রবেশ টিকিটের ইজারা পেয়েছে মীর ব্রাদার্স। টিকিট থেকে এটাই আয়োজকদের চূড়ান্ত আয়।