ঢাকা, আশপাশের শিল্পে বাড়তি কর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী ঢাকা ও এর আশপাশের জেলায় শিল্পকারখানা স্থাপন করলে অতিরিক্ত করারোপ করা হবে; এমনকি বিদ্যমান কলকারখানার মালিকদেরও বেশি কর দিতে হতে পারে। আবার কোনো মালিক যদি কারখানা এসব জায়গা থেকে সরিয়ে নেন, তাহলে কর রেয়াত-সুবিধা পাবেন।

আগামী ২০১৪-১৫ অর্থবছরের বাজেটে এমন ঘোষণা আসতে পারে। এ জন্য জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পক্ষ থেকে বাজেটসংক্রান্ত পরামর্শক সভায় এই প্রস্তাব দেওয়া হবে। নীতিগতভাবে সিদ্ধান্ত হলে তা কার্যকর করা হবে।

গতকাল মঙ্গলবার বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) নেতাদের সঙ্গে প্রাক্-বাজেট আলোচনায় এনবিআরের চেয়ারম্যান গোলাম হোসেন এসব কথা জানান। এ সময় তিনি বলেন, এই করহার কতটা বেশি হবে, কী পরিমাণে কর রেয়াত দেওয়া হবে, তা নিয়ে আলোচনা হতে পারে।

এ সময় এনবিআরের চেয়ারম্যান আরও বলেন, ঢাকা ও এর আশপাশের এলাকা এখন বসবাসের অযোগ্য হয়ে গেছে। এসব এলাকায় শিল্পকারখানা স্থাপন করা উচিত নয়। দাম বাড়ার কারণে এসব জমি কিনতে গেলে দেখা যায়, প্রায় সব জমিতেই বিরোধ রয়েছে। একেক জমি ১০ থেকে ১২ বার বিক্রি হয়।

গোলাম হোসেন আরও বলেন, ২০১৭-১৮ সালের মধ্যে ১৮ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে এবং তা চাহিদার চেয়ে বেশি হবে। তবে তখন কোনো শিল্পকারখানায় গ্যাস দেওয়া হবে না। গ্যাসের মজুত তো নেই। সব কারখানা বিদ্যুতে চলবে।

এনবিআরের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত প্রাক্-বাজেট আলোচনায় বিসিআইয়ের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সংগঠনের সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী। এ সময় এনবিআরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আমদানি শুল্কস্তরের কাঠামো পরিবর্তন না করে শিল্পের মৌলিক কাঁচামাল যা দেশের উৎপাদিত হয় না, এমন পণ্যগুলোর ওপর ২ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে বিসিআই।

অন্যদিকে, করপোরেট করহার পুনর্বিন্যাস করে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির করহার ২০ শতাংশ ও প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে তা ৩০ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে।

এ ছাড়া আমদানি পর্যায়ে ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক) অব্যাহত রেখে উৎপাদনোত্তর ক্ষেত্রে তা ১০ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে।

বিসিআই যেসব পণ্যের আমদানি শুল্কসহ অন্যান্য শুল্ক হ্রাস করার সুপারিশ করেছে, সেগুলোর মধ্যে অন্যতম হলো গ্যাস জেনারেটর, শিল্পে ব্যবহূত বিভিন্ন ধরনের গাড়ি, ফিল্টার, প্লাস্টিক-পণ্যের মূলধনি যন্ত্রপাতি, খেলনার যন্ত্রাংশ, প্লাস্টিক-পণ্যের কাঁচামাল, স্টিল শিট, রেফ্রিজারেটরের যন্ত্রাংশ, এয়ারকন্ডিশনের যন্ত্রাংশ, স্পঞ্জ আয়রন, বিভিন ধরনের চকলেট, বিস্কুট ইত্যাদি।

অন্যদিকে, মূসক মওকুফের সুপারিশ করা হয়েছে যেসব পণ্যের, সেগুলোর মধ্যে অন্যতম হলো দেশে উৎপাদিত খেলনা গাড়ি, উড়োজাহাজ, বাঁশি, পুতুল, চশমা, ঘড়ি, ক্রিকেটের বল-ব্যাট, কাপড় কাচার ব্রাশ, প্লাস্টিকের বয়াম, কলমদানি ইত্যাদি। এ ছাড়া প্লাস্টিক-পণ্য রপ্তানির বিপরীতে ২০ শতাংশ নগদ দেওয়ার প্রস্তাব করেছে বিসিআই।

বিসিআই আরও বলেছে, ব্যবসায়ী সম্প্রদায় বিভিন্ন সময়ে বিভিন্ন শিক্ষা, স্বাস্থ্য, ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক, দাতব্য প্রতিষ্ঠান ও বাণিজ্য সংগঠনে অনুদান দিয়ে থাকে। আগে এ ধরনের অনুদানের অর্থ আয়কর রেয়াত পাওয়া যেত। বর্তমানে এ ধরনের অনুদানের অর্থ আয়কর থেকে রেয়াত পাওয়া যায় না। আগামী বাজেটে শিক্ষাপ্রতিষ্ঠান, বাণিজ্য সংগঠনসহ বিভিন্ন সংস্থায় অনুদানের অর্থ আয়কর থেকে বাদ দেওয়ার প্রস্তাব করেছে বিসিআই।