ঢাকা ইপিজেডে স্বয়ংক্রিয় পদ্ধতি চালু হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ডিইপিজেড) বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের আমদানি, রপ্তানি ও সাব-কন্ট্রাক্টিংয়ের অনুমতি ইস্যুর জন্য স্বয়ংক্রিয় (অটোমেশন) পদ্ধতি চালু করা হয়েছে। বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) নির্বাহী চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল জামিল আহমেদ খান সম্প্রতি এ পদ্ধতির উদ্বোধন করেন।উদ্বোধনী অনুষ্ঠানে জামিল আহমেদ খান বলেন, (অটোমেশন বিদ্যমান পদ্ধতিতে আমদানি-রপ্তানি ও সাব-কন্ট্রাক্টিংয়ের অনুমতিপত্র নিতে হলে শিল্পপ্রতিষ্ঠানগুলোকে ঢাকা ইপিজেডের কার্যালয়ে এসে দলিলপত্র জমা দিতে হতো। এতে সময় ও শ্রমের অপচয় হতো। অটোমেশন পদ্ধতি চালুর ফলে এখন থেকে কারখানায় বসেই অনলাইনের মাধ্যমে এসব অনুমতিপত্র পাওয়া যাবে। এতে শিল্পপ্রতিষ্ঠানগুলোর লিড টাইম কমবে, কর্মদক্ষতা বাড়বে এবং স্বচ্ছতা নিশ্চিত হবে। অনুষ্ঠানে আইএফসির (ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন) সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার সৈয়দ আখতার মাহমুদ, এ কে এম মাহবুবুর রহমান, সদস্য (অর্থ), বেপজা; মার্টিন নরম্যান, প্রোগ্রাম ম্যানেজার, ইকোনমিক জোন, আইএফসি-বিআইসিএফ; জাহিদুল হাসান, নির্বাহী পরিচালক, বিজনেস অটোমেশন এবং ঢাকা ইপিজেডের বিভিন্ন বিনিয়োগকারী এবং কাস্টমস প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সৈয়দ আখতার মাহমুদ বলেন, বাংলাদেশের ইপিজেডগুলো বর্তমানে বিনিয়োগকারীদের দ্রুত ও উন্নত সেবা দিচ্ছে। অটোমেশন পদ্ধতি চালু হওয়ার ফলে সেবা প্রদানের গুণগত মান আরও বাড়বে এবং সেবা দেওয়ার বিষয়টি বিদেশি বিনিয়োগকারীদের ইপিজেডে বিনিয়োগে আকৃষ্ট করতে সহায়ক হবে। প্রাথমিকভাবে ১৫টি শিল্পপ্রতিষ্ঠান এই অটোমেশন পদ্ধতিতে যুক্ত হয়েছে। পর্যায়ক্রমে ইপিজেডের সব শিল্পকারখানা স্বয়ংক্রিয় পদ্ধতির আওতায় আনা হবে। আইএফসি-বিআইসিএফের অর্থায়নে অটোমেশনের কারিগরি সহযোগিতা দিচ্ছে দেশীয় প্রতিষ্ঠান বিজনেস অটোমেশন লিমিটেড। বিজ্ঞপ্তি।