ঢাকা উইমেন চেম্বারের আনুষ্ঠানিক যাত্রা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিডব্লিউসিসিআই) নামে নারী ব্যবসায়ী ও উদ্যোক্তাদের নতুন এক বাণিজ্যিক সংগঠনের যাত্রা শুরু হয়েছে। বাণিজ্যমন্ত্রী মুহাম্মদ ফারুক খান গতকাল বৃহস্পতিবার রাজধানীর স্থানীয় এক হোটেলে এই চেম্বারটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। নবগঠিত চেম্বারের সভাপতি নাজ ফারহানা আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি এ কে আজাদ, ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ঝাং শিয়ানই এবং ডিডব্লিউসিসিআইয়ের জ্যেষ্ঠ সহসভাপতি সাজেদা মিনহাজ বক্তব্য দেন। বাণিজ্যমন্ত্রী ফারুক খান বলেন, বাংলাদেশে নারীরা এগিয়ে যাচ্ছেন এবং দেশের অর্থনৈতিক উন্নয়নসহ প্রতিটি ক্ষেত্রে নারীরা গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তিনি বলেন, অবদানের স্বীকৃতিস্বরূপ সফল নারী উদ্যোক্তাদের উৎসাহিত করতে বিশেষ পদক চালু করা হবে। দেশকে সামনের দিকে এগিয়ে নিতে ডিডব্লিউসিসিআই প্রকৃত অর্থে বাংলাদেশের নারী ব্যবসায়ীদের নেতৃত্ব দিতে সক্ষম হবে বলে আশাবাদ ব্যক্ত করেন বাণিজ্যমন্ত্রী। নারীদের প্রত্যেকটি উন্নয়নমূলক কর্মকাণ্ডে বাণিজ্য মন্ত্রণালয় থেকে সহযোগিতা করার তিনি আশ্বাস দেন। শুধু অভিজাত শ্রেণীর নারীদের মধ্যে সীমাবদ্ধ না রেখে দেশের মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্তসহ সব শ্রেণীর নারীকে এই চেম্বারের সদস্য হওয়ার সুযোগ দিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান বাণিজ্যমন্ত্রী। নারী উন্নয়নে সরকারের আন্তরিকতার কথা উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, গত দুই বছরে নারী উন্নয়নে অন্তত ৫০টি পদক্ষেপ বাস্তবায়ন করা হয়েছে।বিনা বেতনে শিক্ষা অর্জন, চাকরি লাভে কোটা সংরক্ষণ, সুপ্রিম কোর্ট ও হাইকোর্টে বিচারপতি নিয়োগ, পুলিশ, সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীতে নারীদের নিয়োগ, জাতিসংঘে শান্তি রক্ষায় নারীদের আলাদা দল পাঠানো, নারীর প্রতি সব ধরনের বৈষম্যের বিলোপ সাধন, সম্পত্তি লাভে নারীদের সম-অধিকার প্রতিষ্ঠার ব্যবস্থা গ্রহণ, নারী উন্নয়ন নীতিমালার প্রবর্তন ইত্যাদির কথা উল্লেখ করেন বাণিজ্যমন্ত্রী।এফবিসিসিআই সভাপতি এ কে আজাদ বলেন, গ্রামে-গঞ্জে গেলেই দেশের উন্নয়নে নারীদের অবদান স্পষ্ট ফুটে ওঠে। দৃঢ়ভাবে এগিয়ে গেলে নারীর অগ্রগতি কেউ রুখতে পারবে না বলে তিনি মনে করেন। চীনা রাষ্ট্রদূত ঝাং শিয়ানই মুক্তিযুদ্ধে নারীদের বীরত্বপূর্ণ অবদানের কথা স্মরণ করে বলেন, বাংলাদেশের নারীরা এখন দেশের উন্নয়নে ভূমিকা রাখছে। ভবিষ্যতে আরও ভূমিকা পালন করা তাঁদের পক্ষে সম্ভব।নারী উন্নয়নে গবেষণাকেন্দ্র স্থাপনে সরকারি সহযোগিতার দাবি জানান, ডিডব্লিউসিসিআই সভাপতি নাজ ফারহানা আহমেদ। তিনি বলেন, নারীদের স্বল্প সুদে ঋণ দেওয়া, পণ্য বাজারজাতকরণে সহযোগিতা, রপ্তানি বাণিজ্যে নারীদের সহায়তাসহ নারী উদ্যোক্তাদের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি করতে হবে।