ঢাকা উত্তর সিটির সড়ক উন্নয়ন করা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ক্ষতিগ্রস্ত সড়ক, নর্দমা ও ফুটপাতের উন্নয়ন করা হবে। তাই ১ হাজার ২৬ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে। যানজট নিরসন ও জলাবদ্ধতা দূর করা এ প্রকল্পের মূল উদ্দেশ্য।

গতকাল মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ-সংক্রান্ত প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে পরিকল্পনা কমিশনের এনইসির সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, এ প্রকল্পের আওতায় ২০৫ কিলোমিটার সড়ক উন্নয়ন করা হবে। ২৬৭ কিলোমিটার ড্রেন এবং ১১৯ কিলোমিটার ফুটপাত নির্মাণ করা হবে। এ প্রকল্পের পুরো ব্যয়ের মধ্যে ৭১১ কোটি টাকা সরকার দেবে, বাকি টাকা দেবে ঢাকা উত্তর সিটি করপোরেশন কর্তৃপক্ষ। ২০১৬ সালের জুলাই থেকে শুরু হয়ে ২০১৮ সালের ডিসেম্বর মাসের মধ্যে প্রকল্পটি শেষ হবে। তবে একনেক সভায় এ প্রকল্প আরও আগে শেষ করার জন্য প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলে সভার সূত্রে জানা গেছে।

প্রকল্প প্রস্তাবে বলা হয়েছে, নগরীর ফুটপাত চলাচলের প্রায় অনুপযোগী। অপ্রতুল ড্রেনেজ ব্যবস্থার কারণে মারাত্মক জলাবদ্ধতার সৃষ্টি হয়। একনেক সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের বলেন, যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে এ প্রকল্প নেওয়া হয়েছে।

গতকালের একনেক সভায় বুড়িগঙ্গা নদী পুনরুদ্ধার (নতুন ধলেশ্বরী-পুংলী-বংশাই-তুরাগ-বুড়িগঙ্গা রিভার সিস্টেম) প্রকল্পটির ব্যয় ও মেয়াদ বাড়িয়ে সংশোধন করে পাস করা হয়েছে। এতে প্রকল্পের ব্যয় দাঁড়িয়েছে ১ হাজার ১২৫ কোটি টাকা। আর মেয়াদ ২০২০ সালের এপ্রিল মাস পর্যন্ত বাড়ানো হয়েছে।

এ প্রকল্প সম্পর্কে পরিকল্পনামন্ত্রী বলেন, গৃহস্থালি ও শিল্পবর্জ্যের কারণে রাজধানীর চারপাশের নদীগুলোর পানি মাত্রাতিরিক্ত দূষিত হচ্ছে। রাজধানীর চারপাশের নদীগুলোর নাব্যতা বৃদ্ধি এবং পানিদূষণরোধে মহাপরিকল্পনা করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

গতকালের একনেক সভায় এ দুটি প্রকল্পসহ ৩ হাজার ৩২৬ কোটি টাকার সাতটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে দেশজ উৎস থেকে দেওয়া হবে ২ হাজার ৯৭২ কোটি টাকা। আর বিদেশি সহায়তা হিসেবে পাওয়া যাবে ৩৫৪ কোটি টাকা।

একনেকে অনুমোদিত অন্য প্রকল্পগুলো হলো ১১৪ কোটি টাকার মিলিটারি ফার্ম আধুনিকায়ন; সাড়ে ৫৮ কোটি টাকার হরিশপুর বাইপাস মোড় থেকে বনবেলঘরিয়া বাইপাস মোড় পর্যন্ত নাটোর শহরের প্রধান সড়কের মিডিয়ানসহ পেভমেন্ট প্রশস্তকরণ; ৫০৪ কোটি টাকার ল্যান্ড অ্যাকুইজিশন অ্যান্ড ল্যান্ড ডেভেলপমেন্ট ফর ইমপ্লিমেনটেশন অব গজারিয়া ৩৫ মেগাওয়াট কোল ফায়ার্ড থারমাল পাওয়ার প্ল্যান্ট ইত্যাদি।