ঢাকা ও চট্টগ্রাম থেকে দোহা পথে উড়বে ইউএস-বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা ও চট্টগ্রাম থেকে কাতারের রাজধানী দোহায় উড্ডয়নের ঘোষণা দিতে গতকাল আয়োজিত সংবাদ  সম্মেলনে ইউএস-বাংলা এয়ারলাইনসের কর্মকর্তারা l ছবি: ইউএস–বাংলা এয়ারলাইনস
ঢাকা ও চট্টগ্রাম থেকে কাতারের রাজধানী দোহায় উড্ডয়নের ঘোষণা দিতে গতকাল আয়োজিত সংবাদ সম্মেলনে ইউএস-বাংলা এয়ারলাইনসের কর্মকর্তারা l ছবি: ইউএস–বাংলা এয়ারলাইনস

ইউএস-বাংলা এয়ারলাইনস আগামী ১ অক্টোবর ঢাকা ও চট্টগ্রাম থেকে মধ্যপ্রাচ্যের কাতারের রাজধানী দোহায় ফ্লাইট বা উড্ডয়ন কার্যক্রম শুরু করবে। ঢাকা-দোহা ও চট্টগ্রাম-দোহা উভয় পথেই সপ্তাহে চার দিন উড়বে বেসরকারি এই বিমান সংস্থার উড়োজাহাজ।

প্রতি সোম, বুধ, শুক্র ও রোববার সন্ধ্যা ৬টায় ঢাকা এবং সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে চট্টগ্রাম থেকে দোহার পথে উড়বে ইউএস-বাংলার বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্র্যাফট। ফ্লাইট দুটি দোহায় অবতরণ করবে সেখানকার স্থানীয় সময় রাত ১০টা ৩০ মিনিটে। আর দোহা থেকে রাত ১১টা ৩০ মিনিটে চট্টগ্রাম ও ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে। পরদিন সকাল ৮টায় একটি ফ্লাইট চট্টগ্রামে, অন্যটি সকাল ৯টা ৩০ মিনিটে ঢাকায় এসে পৌঁছাবে।

ঢাকা থেকে দোহা পথে একমুখী ভাড়া ২৪ হাজার ৩৮৫ টাকা ও দ্বিমুখী ভাড়া ৪০ হাজার ২৬৪ টাকা। চট্টগ্রাম থেকে একমুখী ভাড়া ২৫ হাজার ৩৫৩ টাকা ও দ্বিমুখী ভাড়া ৪১ হাজার ২৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে। এই ভাড়ার সঙ্গে সব ধরনের কর সারচার্জ অন্তর্ভুক্ত।

ইউএস-বাংলা গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছে। ঢাকার একটি হোটেলে আয়োজিত এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইউএস-বাংলা এয়ারলাইনসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইমরান আসিফ, উপপরিচালক সোহেইল মজিদ এবং উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. কামরুল ইসলাম।

সংবাদ সম্মেলনে জানানো হয়, শিগগির হংকং, দিল্লি, চেন্নাই, আবুধাবি, গুয়াংজুসহ কিছু আন্তর্জাতিক গন্তব্যে উড্ডয়নের পরিকল্পনা করছে ইউএস-বাংলা।