ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে ইতিবাচক প্রবণতা অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকালের ধারাবাহিকতায় আজ মঙ্গলবারও সূচক ও লেনদেনে ইতিবাচক প্রবণতায় শেষ হয়েছে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (ডিএসই ও সিএসই) লেনদেন। দিন শেষে দুই স্টক এক্সচেঞ্জে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। ফলে সূচক বেড়েছে। পাশাপাশি লেনদেনও বেড়েছে দুই বাজারে।

ডিএসইতে সূচক বেড়েছে ৩৫ পয়েন্ট

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিএসইএক্স সূচক আজ ৩৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে চার হাজার ৫২৬ পয়েন্টে। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ইতিবাচক প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়, যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।

ডিএসইতে আজ ২৯২টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৬৯টির দাম বেড়েছে, কমেছে ৮৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

ডিএসইতে আজ ৩১৫ কোটি টাকা লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ২৮ কোটি টাকা বেশি। গতকাল এ বাজারে ২৮৭ কোটি টাকা লেনদেন হয়।

ডিএসইতে লেনদেনে শীর্ষে লাফার্জ সুরমা সিমেন্ট

ডিএসইতে আজ লেনদেনে শীর্ষে রয়েছে লাফার্জ সুরমা সিমেন্ট। আজ এ প্রতিষ্ঠানের ৩১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এ ছাড়া ফ্যামিলিটেক্স, পদ্মা অয়েল, গ্রামীণফোন, স্কয়ার ফার্মা, বিএসসি, ইস্টার্ন হাউজিং, মেঘনা পেট্রোলিয়াম, ন্যাশনাল টিউবস, বিএসসিসিএল প্রভৃতি কোম্পানি লেনদেনের শীর্ষে উঠে আসে।

সিএসইতে সূচক বেড়েছে ১১১ পয়েন্ট

ডিএসইর পাশাপাশি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন বেড়েছে। লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক ১১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩ হাজার ৯৫৭ পয়েন্টে।

সিএসইতে আজ ২২০টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১০৮টিরই দাম বেড়েছে, কমেছে ৮১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। আজ সিএসইতে ২৮ কোটি টাকা লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে দুই কোটি টাকা বেশি। গতকাল এই বাজারে ২৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।