ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে নিম্নমুখী প্রবণতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সপ্তাহের প্রথম দিন আজ রোববার সূচক ও লেনদেনে নিম্নমুখী প্রবণতায় শেষ হয়েছে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (ডিএসই ও সিএসই) লেনদেন। দিনের লেনদেন শেষে দুই স্টক এক্সচেঞ্জে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে। ফলে সূচক কমেছে। পাশাপাশি ডিএসইতে লেনদেন কমেছে। তবে লেনদেন বেড়েছে সিএসইতে।

ডিএসইতে সূচক কমেছে ৩২ পয়েন্ট

প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিএসইএক্স সূচক আজ ৩২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে চার হাজার ৫৮৮ পয়েন্টে। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ইতিবাচক প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। দুপুর সোয়া ১২টা পর্যন্ত এভাবেই লেনদেন চলে। এর পর সূচক নিম্নমুখী হয়, যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।

ডিএসইতে আজ ২৯৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৭৩টির দাম কমেছে, বেড়েছে ৮৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

ডিএসইতে আজ ৪৬১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গত বৃহস্পতিবারের চেয়ে ৫৭ কোটি টাকা কম। বৃহস্পতিবার এ বাজারে ৫১৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।

ডিএসইতে লেনদেনে শীর্ষে লাফার্জ সুরমা সিমেন্ট

আজ ডিএসইতে লেনদেনে শীর্ষে রয়েছে লাফার্জ সুরমা সিমেন্ট। আজ এ প্রতিষ্ঠানের ৪৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এ ছাড়া হেইডেলবার্গ সিমেন্ট, গ্রামীণফোন, পদ্মা অয়েল, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, স্কয়ার ফার্মা, মেঘনা পেট্রোলিয়াম, অ্যাপেক্স ফুটওয়্যার, বিএসসিসিএল, বিএসসি প্রভৃতি লেনদেনের শীর্ষে উঠে আসে।

সিএসইতে সূচক কমেছে ৫২ পয়েন্ট

ডিএসইর পাশাপাশি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক কমেছে। লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক ৫২ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ১৮৯ পয়েন্টে।

সিএসইতে আজ ২২৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৫০টিরই দাম কমেছে, বেড়েছে ৫৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। আজ সিএসইতে ৩৯ কোটি টাকা লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে দুই কোটি টাকা বেশি। আগের দিন অর্থাত্ বৃহস্পতিবার এই বাজারে ৩৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।