ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সূচকের পতন অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (ডিএসই ও সিএসই) সূচকের পতন অব্যাহত রয়েছে। গতকালের ধারাবাহিকতায় আজ বুধবারও দুই স্টক এক্সচেঞ্জে অধিকাংশ কোম্পানি দর হারিয়েছে। ফলে সূচকের নিম্নমুখী এই প্রবণতা। এ নিয়ে গত পাঁচ কর্মদিবসে সূচকের পতন হলো শেয়ারবাজারে। এ দিকে সূচক কমলেও আজ লেনদেন বেড়েছে দুই বাজারে।

ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচক কমেছে ৩৫ পয়েন্ট
দিনের লেনদেন শেষে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিএসইএক্স সূচক ৩৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে চার হাজার ৫১৯ পয়েন্টে।
এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের নিম্নমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। নিম্নমুখী এই প্রবণতা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।
ডিএসইতে আজ ২৯৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ২০৮টিরই দাম কমেছে, বেড়েছে ৬১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
ডিএসইতে আজ ৩৩৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ১৬ কোটি টাকা বেশি। গতকাল ডিএসইতে ৩২২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সূচক কমেছে ১০৬ পয়েন্ট
ডিএসইর পাশাপাশি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে। লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক ১০৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩ হাজার ৯৬৮ পয়েন্টে।
সিএসইতে আজ ২২৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৭২টিরই দাম কমেছে, বেড়েছে ৩৫টির আর অপরিবর্তিত রয়েছে ১৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
সিএসইতে আজ ৩৭ কোটি টাকা লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে নয় কোটি টাকা বেশি। গতকাল সিএসইতে ২৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।

ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনে শীর্ষে অ্যামারেল্ড অয়েল
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেনে শীর্ষে ছিল অ্যামারেল্ড অয়েল। আজ এই প্রতিষ্ঠানের ৩৬ কোটি টাকার লেনদেন হয়েছে। এ ছাড়া স্কয়ার ফার্মা, বিএসসি, লাফার্জ সুরমা সিমেন্ট, পদ্মা অয়েল, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, মেঘনা পেট্রোলিয়াম, গ্রামীণফোন, বিএসসিসিএল, ইউসিবিএল প্রভৃতি লেনদেনের শীর্ষে উঠে আসে।