ঢাকা ও চট্টগ্রামের চার বাজার ফরমালিনমুক্ত
আমদানিতে কড়াকড়ি না থাকায় এত দিন অল্প কিছু ব্যবসায়ী অবাধে ফরমালিন আমদানি করতেন। আর এর অপব্যবহার হতো মাছ, ফল ও কিছু সবজিতে। কারা ফরমালিন আমদানি ও অপব্যবহারের সঙ্গে জড়িত, তার সুনির্দিষ্ট তথ্য বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে ছিল না।খাদ্যপণ্যে ব্যবহার বন্ধে তাই ফরমালিন আমদানিতে এখন কড়াকড়ি আরোপ করেছে মন্ত্রণালয়। এখন থেকে ফরমালিন আমদানির আগে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সুপারিশসহ বাণিজ্য মন্ত্রণালয় থেকে আমদানির অনুমতি নিতে হবে। ফরমালিন আমদানি, বিক্রয় ও ব্যবহারের বিস্তারিত বিবরণ রেজিস্টারে সংরক্ষণ করতে হবে। বাণিজ্য মন্ত্রণালয় ও সরকারের বিভিন্ন সংস্থা এই রেজিস্টারগুলো নিয়মিত পরীক্ষা-নিরীক্ষা করবে।রাজধানীর মহাখালীর কাঁচাবাজার ফরমালিনমুক্ত ঘোষণা করতে এসে গতকাল বৃহস্পতিবার প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের এসব তথ্য জানিয়েছেন। দেশের ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) উদ্যোগে বাজারটিকে ফরমালিনমুক্ত ঘোষণা করা হয়। পাশাপাশি পুলিশের উদ্যোগে চট্টগ্রামে তিনটি বাজার ফরমালিনমুক্ত ঘোষণা করা হয়েছে।এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ বলেন, খাদ্যে ফরমালিন মেশানোর সঙ্গে জড়িত ব্যক্তিদের ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। যেসব অসাধু ব্যবসায়ী খাদ্যে ফরমালিন মিশিয়ে মানুষকে বিষ খাওয়াচ্ছেন, তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।ফরমালিনমুক্ত বাজার ঘোষণার অংশ হিসেবে অনুষ্ঠানে ফরমালিন পরীক্ষার যন্ত্র মহাখালী আদর্শ বাজার কমিটির কাছে হস্তান্তর করা হয়। স্ট্যান্ডার্ড ব্যাংকের অর্থায়নে ও এফবিসিসিআইয়ের উদ্যোগে যন্ত্রটি কেনা হয়েছে।এ নিয়ে এফবিসিসিআইয়ের উদ্যোগে রাজধানীর তিনটি বাজার ফরমালিনমুক্ত ঘোষণা করা হলো। ১ নভেম্বর রাজধানীর শান্তিনগর বাজার এবং এর আগে ১৯ সেপ্টেম্বর মালিবাগ বাজারকে ‘ফরমালিনমুক্ত’ ঘোষণা করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এফবিসিসিআইয়ের জ্যেষ্ঠ সহসভাপতি মো. জসিম উদ্দিন। এতে বিশেষ অতিথি হিসেবে সাংসদ ও সংগীতশিল্পী মমতাজ বেগম, সাবেক সাংসদ সিরাজ উদ্দিন আহমেদ, স্ট্যান্ডার্ড ব্যাংকের চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহমেদ, ঢাকা সিটি করপোরেশন উত্তরের প্রশাসক শাহজাহান আলী মোল্লা, এফবিসিসিআইয়ের পরিচালক হেলাল উদ্দিন প্রমুখ বক্তব্য দেন।আমাদের চট্টগ্রামের নিজস্ব প্রতিবেদক জানান,রাজধানী ঢাকায় এফবিসিসিআইয়ের উদ্যোগে যখন কয়েকটি বাজার ফরমালিনমুক্ত ঘোষণা করা হয়েছে, তখন বন্দরনগর চট্টগ্রামেও এমন উদ্যোগ এসেছে পুলিশের পক্ষ থেকে। তারা কাজীর দেউড়ি, সিডিএ কর্ণফুলী ও ষোলশহর কর্ণফুলী নগরের এই তিন কাঁচাবাজার ফরমালিনমুক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে।চট্টগ্রাম মহানগর পুলিশ জানায়, তিন বাজারেই ফরমালিন পরীক্ষার যন্ত্র ফরমালডিহাইড মিটার বসানো হয়েছে। এসব বাজারে প্রতিদিন তিনজন করে মহিলা পুলিশ মোতায়েন থাকবে। তাঁরা দিনে তিনবার ফরমালডিহাইড যন্ত্র দিয়ে মাছ, ফল ও সবজিতে ফরমালিন আছে কি না তা পরীক্ষা করবেন।এদিকে ফরমালিনমুক্ত করার কার্যক্রম শুরুর প্রথম দিনেই গতকাল বৃহস্পতিবার মাছ ও তরিতরকারিতে পাওয়া গেছে ফরমালিনের উপস্থিতি। এর মধ্যে ষোলশহর কাঁচাবাজারে সব ধরনের সামুদ্রিক ও মিঠা পানির মাছ এবং টমেটো ও পটলে ফরমালিন পাওয়া গেছে।কাজির দেউড়ি বাজারে কিছু রুই ও কাতল মাছে ফরমালিন পাওয়া যায়। পরে বাজার কমিটি তা বাজেয়াপ্ত করে। সিডিএ কর্ণফুলী কাঁচাবাজারে লইট্যা মাছ ও সুরমা মাছসহ কয়েক জাতের সামুদ্রিক ও মিঠা পানির মাছে ফরমালিনের উপস্থিতি পাওয়া গেছে।জানা গেছে, ষোলশহর কাঁচাবাজারের ব্যবসায়ীদের গতকাল রাতে খুলশী থানায় ডেকে মাছ, সবজি ও ফলমুল ফরমালিনমুক্ত করার বিষয়ে পরামর্শ দেওয়া হয়েছে।সকালে নগরের কাজীর দেউড়ি বাজারে ফরমালিন পরীক্ষার যন্ত্র স্থাপন ও পরীক্ষা-কার্যক্রম উদ্বোধন করেন চট্টগ্রামের পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম।পুলিশ জানিয়েছে, যন্ত্রগুলো পরিচালনার জন্য ১৮ জন নারী পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। কোতোয়ালি অঞ্চলের সহকারী পুলিশ কমিশনার আবদুল মান্নান জানান, ‘মাছ-মাংস ও তরিতরকারি ফরমালিনমুক্ত করতে বিক্রেতাদের তিন থেকে চার দিনের সময় বেঁধে দেওয়া হবে। এর পর এসব বাজারে ফরমালিনের বিরুদ্ধে চূড়ান্ত অভিযান শুরু হবে।