ঢাকা-কলকাতা পথে যাত্রা শুরু নভোএয়ারের
দেশের বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার ঢাকা-কলকাতা-ঢাকা পথে উড়তে শুরু করেছে।
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল বৃহস্পতিবার বিমান সংস্থাটির ঢাকা-কলকাতা পথে উড্ডয়ন কার্যক্রমের উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। এ সময় বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এহসানুল গনি চৌধুরী উপস্থিত ছিলেন।
কলকাতা হচ্ছে এ বিমান সংস্থার দ্বিতীয় আন্তর্জাতিক গন্তব্য।
অনুষ্ঠানে জানানো হয়, ঢাকা-কলকাতা পথে সব করসহ প্রমোশনাল রিটার্ন ভাড়া ধরা হয়েছে ৯ হাজার ৯৯৯ টাকা। এ পথে প্রতি মঙ্গল, বৃহস্পতি, শুক্র ও রোববার চারটি ফ্লাইট পরিচালিত হবে। নভোএয়ারের বিমান বেলা ২টা ২৫ মিনিটে ঢাকা থেকে ছেড়ে
কলকাতায় সেখানকার সময় বেলা ৩টায় পৌঁছাবে। কলকাতার স্থানীয় সময় বিকেল ৪টায় ছেড়ে ঢাকায় এসে অবতরণ করবে ৫টা ৩৫ মিনিটে।
এ ছাড়া ১৪ ডিসেম্বর চট্টগ্রাম থেকেও কলকাতায় সরাসরি উড্ডয়ন শুরু করবে এ বিমান সংস্থা। ওই পথে সব করসহ প্রমোশনাল রিটার্ন ভাড়া হবে ১১ হাজার ৫৫৫ টাকা। প্রতি সোম, বুধ ও শনিবার তিনটি ফ্লাইট পরিচালিত হবে।
অনুষ্ঠানে রাশেদ খান মেনন বলেন, ‘আমাদের দেশের বেশির ভাগ মানুষ বিদেশে যেতে প্রথম গন্তব্য হিসেবে কলকাতাকে প্রাধান্য দেন। তাই নভোএয়ার কলকাতা পথে ফ্লাইট বা উড্ডয়ন শুরু করায় ভ্রাতৃপ্রতিম দুই দেশের মধ্যে যোগাযোগব্যবস্থা আরও জোরদার হবে।’
হর্ষবর্ধন শ্রিংলা বলেন, ভারতে যেতে বাংলাদেশিদের ভিসা দেওয়ার প্রক্রিয়া সহজ করা হবে। বাংলাদেশিদের দীর্ঘমেয়াদি ভিসা দেওয়ার পরিকল্পনা রয়েছে। ঢাকা-কলকাতা পথে নভোএয়ারের উড্ডয়ন কার্যক্রম চালুর ফলে তা উভয় দেশের ব্যবসা-বাণিজ্য ও পর্যটন খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন। বিজ্ঞপ্তি।