ঢাকা-কলম্বো বিমান চলাচলের বিষয়টি এখন চূড়ান্ত পর্যায়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-কলম্বো সরাসরি বিমান চলাচলের বিষয়টি বর্তমানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত শ্রীলঙ্কার হাইকমিশনার এস কে ওয়েরাগোদা।ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি আবুল কাসেম খানের সঙ্গে সম্প্রতি এক বৈঠকে তিনি এ তথ্য জানান। এতে অন্যদের মধ্যে বাংলাদেশে শ্রীলঙ্কার ডেপুটি হাইকমিশনার এইচ এম টিডি হেরাথ এবং ডিসিসিআইয়ের পরিচালক এম বশির উল্লাহ ভূঁইয়া, এম আনওয়ারুল হক ও এম এস সেকিল চৌধুরী উপস্থিত ছিলেন। ঢাকায় ডিসিসিআইতে অনুষ্ঠিত হয় এ বৈঠক। আবুল কাসেম খান শিক্ষা, সামাজিক সেবা, পর্যটন অবকাঠামো উন্নয়ন ইত্যাদি খাতে শ্রীলঙ্কা সরকারের সহযোগিতা কামনা করেন। আবুল কাসেম খান সার্কভুক্ত ও বন্ধুপ্রতিম দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নের বিষয়ে জোর দেন।বাংলাদেশের মানবসম্পদ উন্নয়ন খাতে বিপুল সম্ভাবনার কথা উল্লেখ করে আবুল কাসেম খান বাংলাদেশের শ্রমিকদের দক্ষতা বাড়াতে শ্রীলঙ্কার সঙ্গে কারিগরি সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের প্রস্তাব দেন। এস কে ওয়েরাগোদা দুই দেশের মধ্যে বিরাজমান বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে জোর দিয়ে ডিসিসিআইয়ের সভাপতিকে শ্রীলঙ্কায় বাণিজ্য প্রতিনিধিদল পাঠানোর আহ্বান জানান।উল্লেখ্য, দেশের ব্যবসায়ীসম্প্রদায় দীর্ঘদিন ধরে ঢাকা ও কলম্বোর মধ্যে সরাসরি বিমান চালনার ব্যবস্থা গ্রহণের জন্য দাবি জানিয়েআসছিলেন। বিজ্ঞপ্তি।