ঢাকা-কুয়ালালামপুর আবার ফ্লাইট শুরু করছে এয়ার এশিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় চার বছর বন্ধ থাকার পর ঢাকা-কুয়ালালামপুর গন্তব্যে আবার ফ্লাইট পরিচালনা শুরু করছে এয়ার এশিয়া। আগামী ১০ জুলাই ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম ফ্লাইট ছেড়ে যাবে।
উদ্বোধনী ফ্লাইটের জন্য বিশেষ প্রমোশন হিসেবে উভয় পথের (রিটার্ন) টিকিট মূল্য ধরা হয়েছে ২২ হাজার ৪৯৯ টাকা। যা কেবল অনলাইনে সরাসরি বুকিংয়ের ক্ষেত্রে প্রযোজ্য।
এ ছাড়া পরবর্তী ফ্লাইটের টিকিটের মূল্য (সব কর ও ফিসহ) ২৪ হাজার ৪৯৯ টাকা। সপ্তাহে সাত দিনই ঢাকা-কুয়ালালামপুর-ঢাকা গন্তব্যে ফ্লাইট চলবে। কুয়ালালামপুর থেকে ছাড়বে প্রতিদিন রাত ৯টা ৫৫ মিনিটে; যা ঢাকায় পৌঁছাবে রাত ১১টা ৫৫ মিনিটে। আর ঢাকা থেকে প্রতিদিন রাত ১২টা ২৫ মিনিটে ফ্লাইট ছেড়ে কুয়ালালামপুরে পৌঁছাবে ৬টা ২৫ মিনিটে।
ঢাকায় গতকাল সোমবার এক সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়। এতে বাংলাদেশে এয়ার এশিয়ার জেনারেল সেলস এজেন্ট (জিএসএ) টোটাল এয়ার সার্ভিসেসের ব্যবস্থাপনা পরিচালক সাদি আবদুল্লাহ বলেন, এয়ার এশিয়া বাংলাদেশের মধ্য আয়ের যাত্রীদের জন্য সাশ্রয়ী ভাড়ায় ভ্রমণের সুযোগ করে দিতে চায়। মতিঝিল, বনানী, ধানমন্ডি, গুলশান ও উত্তরায় এয়ার এশিয়ার জিএসএ কাউন্টার থেকে সরাসরি টিকিট কিনলে ছাত্র, শ্রমিক, পারিবারিক এবং করপোরেট গ্রুপ ভ্রমণের জন্য ১০ শতাংশ বিশেষ ছাড়ে ভ্রমণের সুযোগ থাকবে। তিনি বলেন, বাংলাদেশি যাত্রীরা মালয়েশিয়া থেকে সংযোগ ফ্লাইটে ১২৯টিরও বেশি গন্তব্যে সাশ্রয়ী ভাড়ায় ভ্রমণ করতে পারবে। এর মধ্যে ঢাকা-সিডনি গন্তব্যে টিকিটের দাম পড়বে ৬৫ হাজার টাকা। ঢাকা-সিঙ্গাপুর-ঢাকা টিকিটের দাম ৩৫ হাজার ৯৯৯ টাকা পড়বে।