ঢাকা-কুয়ালালামপুর পথে উড্ডয়ন বাড়ছে ইউনাইটেড এয়ারের
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ইউনাইটেড এয়ারওয়েজকে (বিডি) ঢাকা-কুয়ালালামপুর-ঢাকা পথে সপ্তাহে অতিরিক্ত আরও সাতটি ফ্লাইট বা উড্ডয়ন কার্যক্রম পরিচালনার অনুমতি দিয়েছে। এর ফলে বর্তমান সাতটিসহ এই পথে বিমান সংস্থাটির সাপ্তাহিক ফ্লাইটসংখ্যা দাঁড়াবে ১৪।ইউনাইটেড এয়ারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল মঙ্গলবার এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, আগামী বছরের ফেব্রুয়ারি থেকে এই পথে অতিরিক্ত উড্ডয়ন কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে তাদের। এ ছাড়া ঢাকা থেকে ব্যাংকক ও সিঙ্গাপুর পথে প্রতিদিনই বিমান পরিচালনার অনুমতি পেয়েছে সংস্থাটি।বর্তমানে ইউনাইটেড এয়ার ঢাকা থেকে জেদ্দা, দুবাই, মাসকট, কুয়ালালামপুর, ব্যাংকক, কাঠমান্ডু, কলকাতা এবং চট্টগ্রাম থেকে মাসকট ও কলকাতা পথে বিমান পরিচালনা করছে। আর অভ্যন্তরীণ ক্ষেত্রে ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, যশোর, রাজশাহী, সৈয়দপুর পথে চলছে এই সংস্থার বিমান।