ঢাকা ঘোষণার মধ্য দিয়ে ডি-৮ মন্ত্রী পর্যায়ের সম্মেলন শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা ঘোষণার মধ্য দিয়ে ডি-৮ মন্ত্রী পর্যায়ের তৃতীয় সম্মেলন শেষ হয়েছে। পরবর্তী সম্মেলন আগামী বছর মিসরে অনুষ্ঠিত হবে।সম্মেলন শেষে গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেন, এবারের সম্মেলনে ২২টি বিষয়ে ঐকমত্য হওয়া গেছে।সম্মেলনে যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে: সদস্য রাষ্ট্রগুলোর সরকারি-বেসরকারি খাতের ব্যক্তিদের মধ্যে তথ্য, অভিজ্ঞতা ও কারিগরি জ্ঞানের বিনিময়; পারস্পরিক বিনিয়োগ বৃদ্ধি; ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থান বৃদ্ধি এবং গত জুলাইয়ে অনুষ্ঠিত ডি-৮ এসএমই-বিষয়ক বৈঠকের সিদ্ধান্ত বাস্তবায়ন। শিল্পমন্ত্রী আরও বলেন, কয়েকজন মন্ত্রী সম্মেলনে আসতে না পারলেও প্রতিনিধি পাঠিয়েছেন। তাঁরা আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সক্রিয়ভাবে অংশ নেন। তিনি জানান, প্রতিনিধিরা মোট ১২টি কর্মশালা ও তিনটি আলোচনা সভায় অংশ নেন। সংবাদ সম্মেলনে উপস্থিত তুর্কি শিল্প প্রতিমন্ত্রী দাভুত কাভরাং গুল বলেন, ‘সম্মেলনের মূল উদ্দেশ্য সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সম্পর্ক বৃদ্ধি করা। আর এই দৃষ্টিকোণ থেকে আমাদের আলোচনা সফল হয়েছে।’গতকালের মন্ত্রী পর্যায়ের বৈঠকের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিন দিনব্যাপী মন্ত্রী পর্যায়ের তৃতীয় ডি-৮ সম্মেলন গত সোমবার ঢাকায় শুরু হয়। প্রথম দুই দিন ডি-৮ শিল্প সহায়তাবিষয়ক কার্যদলের সপ্তম সভা অনুষ্ঠিত হয়। ডি-৮ জোটভুক্ত দেশগুলো হচ্ছে: বাংলাদেশ, তুরস্ক, ইরান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান ও মিসর।