
ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক চার লেনে উন্নীত করার কাজ আগামী জুনের মধ্যেই শেষ হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আরও বলেন, অবকাঠামো নিয়ে কিছু সমস্যা আছে। সেগুলো সমাধানের চেষ্টা চলছে। রেল, সড়ক ও নৌপথকে সমান গুরুত্ব দিয়ে সারা দেশকে একটি নেটওয়ার্কের মধ্যে আনার উন্নয়ন পরিকল্পনা নেওয়া হয়েছে।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গতকাল বৃহস্পতিবার ২০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। বক্তব্যের শুরুতেই অনুষ্ঠানে উপস্থিত সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ছয় লেনে উন্নীত করার পরিকল্পনা আছে। একসময় গ্যাস-বিদ্যুতের সমস্যা থাকলেও এখন ১৩ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা আমরা অর্জন করেছি।’
শেখ হাসিনা বলেন, ‘২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে যাওয়ার লক্ষ্যমাত্রা অর্জিত হলে স্বল্পন্নোত দেশ হিসেবে প্রাপ্য সুবিধাগুলো আমরা আর পাব না। এমন পরিস্থিতি মোকাবিলায় উৎপাদনশীলতা বৃদ্ধি, নিজস্ব পণ্যের মান উন্নয়নের পাশাপাশি কোনটি রপ্তানি হতে পারে, সে বিষয়ে ব্যবসায়ীদের উদ্যোগ নিতে হবে। সরকার সব সুযোগ-সুবিধা দেবে।’
পণ্য রপ্তানিতে আয় বাড়াতে ব্যবসায়ীদের নতুন বাজার খোঁজার পরামর্শ দিয়ে শেখ হাসিনা বলেন, ‘রপ্তানিতে নতুন পণ্য যুক্ত করার পাশাপাশি পণ্যের বহুমুখীকরণ ও মান বাড়াতে হবে।’
গেল বছরের শেষ দিনে বৈদেশিক মুদ্রার রির্জাভ ছিল ২২ দশমিক ৩৯ বিলিয়ন ডলার। এই অর্থ দিয়ে সাত মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব—এমন তথ্য দিয়ে প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে দেশের অর্থনীতি স্বস্তিতে আছে। ২০০৫ সালে যেখানে দারিদ্র্যের হার ছিল ৪০ শতাংশ, এখন তা কমে হয়েছে ২৪ শতাংশ। সরকারের এই আমলে দারিদ্র্য আরও ১০ শতাংশ কমিয়ে আনা হবে। পাঁচ কোটির বেশি মানুষ নিম্নবিত্ত থেকে মধ্যবিত্তে উঠে এসেছে। সরকারি-বেসরকারি মিলিয়ে এক কোটির বেশি মানুষের কর্মসংস্থান হয়েছে। তিনি বলেন, ‘আমরা বিজয়ী জাতি, কারও কাছে হাত পাততে চাই না। নিজের পায়ে দাঁড়াতে চাই। একসময় আমদানি করলেও আজ আমরাই চাল রপ্তানি করছি।’
প্রধানমন্ত্রী বলেন, ব্যবসা-বাণিজ্যসহ সবকিছুর জন্য দরকার একটি সহনশীল পরিবেশ। যেকোনো দেশের উন্নতির জন্য মানুষের মধ্যে আত্মবিশ্বাস থাকা দরকার। কিন্তু বারবারই বাংলাদেশের গণতন্ত্রে আঘাত এসেছে। তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকার এলেই দেশে উন্নতি হয়। ...যারা উড়ে এসে জুড়ে বসে, মুফতে পায়, তারা কেবলই ক্ষমতার খুঁটি ব্যবহার করে নিজেদের উন্নতি করে।
বিএনপি-জামায়াতের সমালোচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, হরতালের নামে বাসে, সিএনজিচালিত অটোরিকশায় আগুন দেওয়া হচ্ছে। মানুষ পুড়িয়ে মারা হচ্ছে। এর নাম আন্দোলন না। এটা খুন। বাংলাদেশের মানুষ আর খুনের রাজনীতি দেখতে চায় না। তিনি অরাজকতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে ব্যবসায়ীদের প্রতি আহবান জানান।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, বাণিজ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি তাজুল ইসলাম চৌধুরী, বাণিজ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুন, রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান শুভাশীষ বসু ও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহ্মদ।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে মেলা প্রাঙ্গণে গিয়ে প্রধানমন্ত্রী ফিতা কেটে মাসব্যাপী বাণিজ্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। তিনি অন্য অতিথিদের সঙ্গে নিয়ে কয়েকটি স্টলও ঘুরে দেখেন।
প্রধানমন্ত্রী চলে যাওয়ার পর মেলা প্রাঙ্গণে গিয়ে দেখা যায়, অধিকাংশ প্যাভিলিয়ন ও স্টলের সাজসজ্জার কাজ শেষ হয়নি। ফলে গতকাল দুপুরে যাঁরা মেলায় গিয়েছেন, তাঁরা হতাশ হয়েছেন।
এবারের বাণিজ্য মেলায় সব মিলিয়ে আছে ৫০০ স্টল, প্যাভিলিয়ন ও মিনি প্যাভিলিয়ন। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা খোলা থাকবে। প্রাপ্তবয়স্কদের জন্য ৩০ ও শিশুদের জন্য ২০ টাকা প্রবেশমূল্য।