ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও কর্ণফুলী ড্রেজিং দ্রুত বাস্তবায়নের দাবি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেনে উন্নীতকরণ এবং কর্ণফুলী ড্রেজিং প্রকল্পের কাজ দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন চটগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিসিআই) সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহিম।প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে গতকাল শনিবার পাঠানো এক চিঠিতে তিনি এই অনুরোধ জানান। তাঁর মতে, এই দুটি প্রকল্প দ্রুত বাস্তবায়িত হলে ব্যবসা-বাণিজ্যে গতিশীলতা বাড়বে এবং চট্টগ্রামকে আঞ্চলিক হাব হিসেবে রূপান্তর করা সহজ হবে।চিঠিতে চট্টগ্রামকে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু হিসেবে উল্লেখ করেন সিসিআইয়ের সভাপতি। তিনি বলেন, দেশের আমদানি-রপ্তানি পণ্যের সিংহভাগ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাধ্যমেই বিভিন্ন জেলায় পরিবহন করা হয়। মহাসড়কটি দ্রুত চার লেনে উন্নীত করার কাজ এগিয়ে যাচ্ছে। এরই মধ্যে ৭০ শতাংশ মাটি ভরাটের কাজ শেষ হয়েছে। কিন্তু চট্টগ্রাম ও ফেনী অংশে মাটি সংকট, জমিসংক্রান্ত মামলা ও অর্থ ছাড়ে ধীরগতিতে তিনি উদ্বেগ প্রকাশ করেন।চিঠিতে চট্টগ্রাম বন্দরকে আন্তর্জাতিকমানের বন্দরে রূপান্তর করতে কর্ণফুলী নদীর ড্রেজিংয়ে নিয়োজিত ঠিকাদার প্রতিষ্ঠানের কাজে বাধা দেওয়ার বিষয়েও উদ্বেগ জানানো হয়। ড্রেজিংয়ের মাটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাজে ব্যবহারের প্রস্তাব করেন তিনি।