ঢাকা চেম্বার এবার সিএসিসিআই পুরস্কার পেয়েছে
দেশের ব্যবসায়ী ও শিল্পপতিদের অন্যতম প্রভাবশালী সংগঠন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) চতুর্থ সিএসিসিআই লোকাল চেম্বার অ্যাওয়ার্ড লাভ করেছে। কনফেডারেশন অব এশিয়া-প্যাসিফিক চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিএসিসিআই) থেকে দেওয়া বড় চেম্বার শ্রেণীতে এ পুরস্কার পেয়েছে ঢাকা চেম্বার। গত ৫-৭ জুলাই শ্রীলংকার রাজধানী কলম্বোতে অনুষ্ঠিত কনফেডারেশনের ২৪তম সম্মেলনে সিএসিসিআইর নবনির্বাচিত সভাপতি বেনিডেক্টো ভি ইউজুইকোর কাছ থেকে ডিসিসিআই সভাপতি আবুল কাসেম খান এ পুরস্কার নেন। পুরস্কার পাওয়া উপলক্ষে গতকাল শনিবার ঢাকা চেম্বার এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ডিসিসিআই সভাপতি আবুল কাসেম খান, সাবেক সভাপতি বেনজীর আহমেদ এবং হোসেন খালেদ। ধন্যবাদ জ্ঞাপন করেন ডিসিসিআইর ঊর্ধ্বতন সহসভাপতি এম শাহজাহান খান। এ ছাড়া ডিসিসিআইর সহসভাপতি মো. সিরাজউদ্দিন মালিক, পরিচালক এম এ বাতেন, মো. ইয়াদ আলী ফকির, টি আই এম নূরুল কবীর, মাহবুব আনাম, ওয়াকার আহমেদ চৌধুরী, নেসার মাকসুদ খান এবং মো. নাসিরউদ্দিন খান উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, এ পুরস্কার বিবেচনার জন্য সিএসিসিআইর সদস্যদের সেবা প্রদান, সমাজ বা দেশের জন্য কার্যক্রম গ্রহণের বিষয়টি গুরুত্ব পেয়েছে। অনুষ্ঠানে জানানো হয়, ডিসিসিআইর অবদানের স্বীকৃতিস্বরূপ সিএসিসিআই কর্তৃপক্ষ প্রথমে ছয়টি প্রতিযোগী চেম্বারের একটি সংক্ষিপ্ত তালিকা তৈরি করে এবং পরবর্তী সময়ে বিচারক প্যানেল সংক্ষিপ্ত তালিকার চেম্বারগুলোর কার্যাবলি ও অবদান মূল্যায়ন করে ঢাকা চেম্বারকে এ পুরস্কারের জন্য শ্রেষ্ঠ স্থানীয় চেম্বার হিসেবে নির্বাচন করে।