কর নির্দেশিকা ২০১৪-১৫ প্রকাশ করল ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান গোলাম হোসেন গতকাল রোববার এই কর নির্দেশিকার মোড়ক উন্মোচন করেন। রাজধানীর সেগুনবাগিচার এনবিআর কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে এনবিআরের চেয়ারম্যান বলেন, এই নির্দেশিকাটি করদাতাদের আয়কর বিবরণী জমা দেওয়ার ক্ষেত্রে সহায়তা করবে। তবে কোনো সমস্যা হলে করদাতারা এনবিআরের সহায়তা কেন্দ্র থেকেও সহায়তা নিতে পারেন। উল্লেখ্য, প্রতিবছরই বাজেট পাস হওয়ার পর ঢাকা চেম্বার কর নির্দেশিকা প্রকাশ করে থাকে। প্রতিবছর আয়কর, মূল্য সংযোজন কর (মূসক), সম্পূরক শুল্ক, আমদানি শুল্কসহ কর-শুল্কে যেসব পরিবর্তন করা হয়, তার হালনাগাদ তথ্য থাকে এই নির্দেশিকায়। এ বছরের নির্দেশিকাটি ঢাকা চেম্বার সদস্যরা বিনা মূল্যে সংগ্রহ করতে পারবেন। অন্যরা ঢাকা চেম্বার সচিবালয় থেকে ৩০০ টাকার বিনিময়ে তা কিনতে পারবেন। নিজস্ব প্রতিবেদক