ঢাকা চেম্বারের নতুন সভাপতি মোহাম্মদ শাহজাহান খান

মোহাম্মদ শাহজাহান খান ২০১৪ সালের জন্য ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি নির্বাচিত হয়েছেন। আজ বুধবার ডিসিসিআই মিলনায়তনে ডিসিসিআইয়ের ৫২তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) আনুষ্ঠানিকভাবে সভাপতি হিসেবে তাঁর নাম ঘোষণা করা হয়।
এ সময় ঊর্ধ্বতন সহসভাপতি হিসেবে ওসামা তাসীর ও সহসভাপতি হিসেবে খন্দকার শহীদুল ইসলামের নাম ঘোষণা করা হয়।
এ ছাড়া ২০১৪, ২০১৫ ও ২০১৬ মেয়াদের জন্য নির্বাচিত পরিচালকেরা হলেন সামির সাত্তার, এ কে ডি খায়ের মোহাম্মদ খান, কে জি করিম, মোক্তার হোসেন চৌধুরী ও এস রুমি সাইফুল্লাহ।
ডিসিসিআইয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ শাহজাহান খান সমুদ্রগামী জাহাজ ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে তিনি এই ব্যবসার সঙ্গে জড়িত। তিনি বাংলাদেশ শিপিং করপোরেশনের সাবেক মহাব্যবস্থাপক। ১৯৯১ সালে নিজস্ব শিপিং ব্যবসা শুরু করেন মোহাম্মদ শাহজাহান খান। শিপিং ব্যবসা ছাড়াও তিনি বেশ কিছু ব্যবসার সঙ্গে সম্পৃক্ত।
ঢাকা চেম্বারের নবনির্বাচিত ঊর্ধ্বতন সহসভাপতি ওসামা তাসীর বাংলাদেশের রপ্তানিযোগ্য তৈরি পোশাক খাতের একজন উদ্যোক্তা। আর সহসভাপতি খন্দকার শহীদুল ইসলাম ঢাকা ডিজেল অ্যান্ড মেশিনারিজের স্বত্বাধিকারী। এর আগেও তিনি ডিসিসিআইয়ের সহসভাপতি ও পরিচালক ছিলেন।