ঢাকা চেম্বারের সভায় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের ব্যবসায়ীদের অন্যতম প্রভাবশালী সংগঠন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আসন্ন রমজান মাসে ভোজ্যতেল, চিনি, পেঁয়াজসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যমূল্য স্থিতিশীল রাখার আহ্বান জানিয়েছে। গতকাল শনিবার দেশের সাতটি ব্যবসায়ী সংগঠনের সঙ্গে একটি বৈঠক করে ডিসিসিআইয়ের সভাপতি আবুল কাসেম খান এ আহ্বান জানান। রাজধানীর মতিঝিলে ডিসিসিআই মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে ডিসিসিআইয়ের ঊর্ধ্বতন সহসভাপতি এম শাহজাহান খান, পরিচালক নিয়াজ রহিমসহ অন্যান্য পরিচালক উপস্থিত ছিলেন।গতকালের সভায় বাংলাদেশ সুপার মার্কেট ওনার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ দোকান মালিক সমিতি, ডাল ব্যবসায়ী সমিতি, বেগমবাজার-মৌলভীবাজার বণিক সমিতি, মৌলভীবাজার ব্যবসায়ী সমিতি, চিনি ব্যবসায়ী সমিতি, ভোজ্যতেল ব্যবসায়ী সমিতি, চাল ব্যবসায়ী সমিতি ও ময়দা ব্যবসায়ী সমিতির নেতারা উপস্থিত ছিলেন। ডিসিসিআইয়ের সভাপতি আবুল কাসেম খান বলেন, ব্যবসায়ীরা দেশে কর্মসংস্থানসহ পণ্য সরবরাহ করে দেশ ও সমাজকে সহায়তা করছে। আর ধর্মীয়ভাবেও ব্যবসা-বাণিজ্যের প্রসারের স্বার্থে পরিমিত মুনাফা করা নিষিদ্ধ করা হয়নি। তিনি ব্যবসায়ীদের কাছে রমজানে দ্রব্যমূল্য না বাড়ানোর আহ্বান জানান।আলোচনায় অংশ নিয়ে ব্যবসায়ী নেতারা বলেন, প্রতিবছর রমজান এলেই দ্রব্যমূল্য তদারক করার নানা উদ্যোগ নেওয়া হয়। কিন্তু দ্রব্যমূল্য কী কারণে বাড়ে তা খতিয়ে দেখা হয় না। চাহিদার তুলনায় পণ্যের জোগান কম হলে তদারকি করেও দাম কমানো যাবে না। ব্যবসায়ীরা আরও বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজন দেশে কোন পণ্যের চাহিদা কী তা নিরূপণ করা। আর সেই অনুযায়ী পণ্যের জোগান দেওয়া। অনুষ্ঠানে জানানো হয়, সরকার খুচরা পর্যায়ে প্রতি কেজি সয়াবিন সর্বোচ্চ ৮০ টাকা, পাম সুপার ৭৬ ও পাম তেল ৭৩ টাকা। বর্তমানে এ দামে বিক্রি হচ্ছে। ভোজ্যতেলে পর্যাপ্ত মজুদ থাকায় দাম বাড়ার সম্ভাবনা নেই। আবার চিনির নির্ধারিত পাইকারি দর ৪৫ টাকা হলেও বর্তমান বাজারে এর চেয়ে কম দামেই চিনি বিক্রি হচ্ছে। অনুষ্ঠানে মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. গোলাম মওলা বলেন, ভোজ্যতেল ও চিনির মূল্য আমদানির ওপর নির্ভরশীল। ফলে চাহিদা অনুযায়ী জোগান থাকলে দাম বাড়ে না। তিনি আরও বলেন, পাইকারি ব্যবসায়ীরা কারখানার দামের চেয়ে সামান্য বেশি দামে খুচরা ব্যবসায়ীদের কাছে বিক্রি করেন। কিন্তু খুচরা ব্যবসায়ীরা বেশি দামে কেনার অজুহাতে অতিরিক্ত দাম বাড়ান। আর বেশির ভাগ সময় বিক্রেতারা রসিদ না দেওয়ায় খুচরা ব্যবসায়ীদের তদারকি করা যায় না।