ঢাকা চেম্বারের ৫৮ বছর পূর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী ঢাকার ব্যবসায়ীদের ঐতিহ্যবাহী সংগঠন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) ৫৮ বছর পূর্তি হচ্ছে।
এ উপলক্ষে আজ বুধবার সন্ধ্যায় রাজধানীর র্যাডিসন হোটেলে ‘সেলিব্রেটিং বিজনেস’ শিরোনামে বিশেষ এক অনুষ্ঠানের আয়োজন করেছে ডিসিসিআই। এতে ‘ঢাকার বাণিজ্যিক ইতিহাস’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করা হবে। ২০০৮ সালে বইটির ইংরেজি সংস্করণ ‘কমার্শিয়াল হিস্ট্রি অব ঢাকা’ প্রকাশ করেছিল ঢাকা চেম্বার।
এ ছাড়া সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের অংশ হিসেবে দারিদ্র্য বিমোচন ও নতুন উদ্যোগ তৈরির লক্ষ্যে একটি নতুন প্রকল্পের সূচনা করা হবে। এর মাধ্যমে পুরান ঢাকার প্রায় ২০০ পরিবার উপকৃত হবে। একই সঙ্গে দেশের কয়েকজন বিশিষ্ট ব্যবসায়ী ও ব্যবসায়ী অঙ্গনের বাইরের সফল কয়েকজন ব্যক্তিত্বকে সম্মাননা দেবে ঢাকা চেম্বার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
এসব তথ্য দিয়ে চেম্বারের সভাপতি হোসেন খালেদ গত মঙ্গলবার রাতে প্রথম আলোকে বলেন, আগে ঢাকার ব্যবসায়ীরা নারায়ণগঞ্জে গিয়ে ব্যবসা করতেন। ১৯০৪ সালে নারায়ণগঞ্জ চেম্বার হয়। সেখানে ঢাকার অনেক ব্যবসায়ীরা ছিলেন। পরে তাঁরা ইউনাইটেড চেম্বার করেন। সেই ধারাবাহিকতায় ১৯৫৮ সালে ঢাকা চেম্বার গঠিত হয়।
জানা যায়, ১৯৫৮ সালে ডিসিসিআই লিমিটেড কোম্পানি হিসেবে নিবন্ধিত হয়। বর্তমানে চেম্বারের নিয়মিত সদস্যসংখ্যা সাড়ে চার হাজার। এখন পর্যন্ত ৩৭ জন ব্যবসায়ী চেম্বারের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
সভাপতি হোসেন খালেদ জানান, ব্যবসা-বাণিজ্য ও নীতি প্রণয়নে সহায়তা এবং উদ্যোক্তাদের উন্নয়নে কাজ করাই ঢাকা চেম্বারের মূলমন্ত্র। এসবের আলোকে নিজেদের বর্তমান কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেন তিনি। তবে বলেন, ঢাকা চেম্বারের আরও কাজের সুযোগ আছে।