ঢাকা-টোকিও সরাসরি বিমান চালনার সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ সফররত জাপানের উদ্যোক্তারা তৈরি পোশাক, যন্ত্রপাতি উৎপাদন ও খাদ্য প্রক্রিয়াজাত শিল্পে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন। তাঁরা বলেছেন, জাপানের বাজারে বাংলাদেশি তৈরি পোশাক রপ্তানির প্রচুর সুযোগ রয়েছে। তাই তাঁরা এ খাতে বিনিয়োগে আগ্রহী।অন্যদিকে বাংলাদেশি ব্যবসায়ী নেতারা জাপানি উদ্যোক্তাদের একটি বিশেষ রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকা (ইপিজেড) স্থাপনের প্রস্তাব করেছেন। তাঁরা দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে ঢাকা ও চট্টগ্রামের সঙ্গে টোকিও পর্যন্ত সরাসরি বিমান চালনারও সুপারিশ করেছেন।গতকাল সোমবার দেশের ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সঙ্গে ওসাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সদস্যদের এক বৈঠকে এসব প্রস্তাব ও সুপারিশ উঠে আসে।রাজধানীর মতিঝিলে ফেডারেশন ভবনে আয়োজিত এ বৈঠকে এফবিসিসিআই সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী সভাপতিত্ব করেন। এ সময় এফবিসিসিআই পরিচালক আবদুল হক, ওবায়দুর রহমান, হাসিন আহমেদ, জালালউদ্দিন আহমেদ, হোসেন খালেদ প্রমুখ উপস্থিত ছিলেন। ওসাকা চেম্বারের নয় সদস্য প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সংগঠনের সভাপতি শিগেতাকা সাতু।বৈঠকে মোস্তফা আজাদ চৌধুরী বলেন, জাপান ইতিমধ্যে চীন, থাইল্যান্ড ও ইন্দোনেশিয়ায় বিশেষ ইপিজেড স্থাপন করেছে। এখন বাংলাদেশের চট্টগ্রামেও একটি বিশেষ ইপিজেড স্থাপন করা যেতে পারে। তিনি জানান, ২০০৯-১০ অর্থবছরে বাংলাদেশ থেকে জাপান ৩৩ কোটি ডলারের পণ্য আমদানির বিপরীতে বাংলাদেশে ১০৪ কোটি সাড়ে ৭২ লাখ ডলারের পণ্য রপ্তানি করেছে। জাপানের বাজারে বাংলাদেশি পণ্যের মধ্যে ওভেন ও নিট পোশাক, চামড়া ও পাদুকা, হিমায়িত চিংড়ি, পাটপণ্য প্রভৃতির প্রচুর চাহিদা রয়েছে।ওসাকা চেম্বারের সভাপতি বলেন, বাংলাদেশের তৈরি পোশাক, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, প্রিন্টিং, যন্ত্রপাতি উৎপাদনসহ বিভিন্ন খাতে বিনিয়োগের জন্য বাংলাদেশকে অন্যতম সম্ভাবনা স্থান হিসেবে দেখছেন জাপানি উদ্যোক্তারা।বর্তমানে জাপানের উদ্যোক্তারা চীন থেকে প্রায় ৩০ শতাংশ বিনিয়োগ ভিয়েতনাম, কম্বোডিয়ায় ও বাংলাদেশে স্থানান্তর করার জন্য বিবেচনা করছেন। তাঁরা ভিয়েতনামে ১৫ শতাংশ, বাংলাদেশে ১০ শতাংশ এবং বাকি পাঁচ শতাংশ কম্বোাডিয়ায় বিনিয়োগ করার পরিকল্পনা করছেন।