ঢাকা থেকে এয়ার এশিয়ার ফ্লাইট শুরু
ঢাকা-কুয়ালালামপুর গন্তব্যে দৈনিক ফ্লাইট পরিচালনা শুরু করেছে এয়ার এশিয়া।
গত শুক্রবার রাত ১২টা ২৫ মিনিটে ১৩৮ জন যাত্রী নিয়ে ঢাকা থেকে প্রথম ফ্লাইট ছেড়ে যায়। এর আগে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট কার্যক্রম উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার নরলিন বিন্তি ওথমান।
অনুষ্ঠানে জানানো হয়, ঢাকা-কুয়ালালামপুর পথে দ্বিমুখী টিকিটের দাম ২৪ হাজার ৪৯৯ টাকা। জনপ্রতি বিনা মূল্যে ৩০ কেজি পর্যন্ত মাল (ব্যাগেজ) নেওয়া যাবে। বাংলাদেশি যাত্রীরা মালয়েশিয়া থেকে সংযোগ ফ্লাইটে বিশ্বের ১২৯টির বেশি গন্তব্যে সাশ্রয়ী ভাড়ায় ভ্রমণ করতে পারবেন।
এয়ার এশিয়ার জেনারেল সেলস এজেন্ট (জিএসএ) টোটাল এয়ার সার্ভিসেস লিমিটেডের ভাইস চেয়ারম্যান শেখ মামুন বলেন, ভ্রমণের সুযোগ করে দিতে সচেষ্ট। ঢাকার মতিঝিল, বনানী, ধানমন্ডি, গুলশান ও উত্তরায় এয়ার এশিয়ার জিএসএ কাউন্টার থেকে সরাসরি টিকিট কিনলে ছাত্র, শ্রমিক, পারিবারিক ও করপোরেট গ্রুপ ভ্রমণের ক্ষেত্রে ১০ শতাংশ বিশেষ ছাড়ের সুযোগ থাকছে।