ঢাকা থেকে দিনে দুবার উড্ডয়নে আগ্রহী টার্কিশ এয়ারলাইনস

বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে তুরস্কের ইস্তাম্বুলে দিনে দুটি করে সরাসরি উড়োজাহাজ চালুর পরিকল্পনা করছে তুরস্কভিত্তিক বিমান কোম্পানি টার্কিশ এয়ারলাইনস৷ বর্তমানে ঢাকা থেকে দিনে একটি করে উড়োজাহাজ সরাসরি ইস্তাম্বুল যাচ্ছে৷
ইস্তাম্বুলে টার্কিশ এয়ারলাইনসের সদর দপ্তরে ঢাকা থেকে আমন্ত্রিত সাংবাদিকদের সঙ্গে গত সপ্তাহে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে কোম্পানির প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তেমেল কোটিল এসব কথা জানান৷
বাংলাদেশের ব্যাপারে আগ্রহের কারণ ব্যাখ্যা করে কোটিল বলেন, দেশটিতে ১৬-১৭ কোটি মানুষের বসবাস, যার মধ্যে প্রায় এক কোটি মানুষ বিদেশে থাকে৷ তাদের সেবা দেওয়ার কথাই চিন্তা করছে ট্রার্কিশ এয়ারলাইনস৷ তিনি বলেন, ‘সেবা দিলে মুনাফা আসবেই৷ মুনাফা আর কিছু নয়, ভালো সেবা দেওয়ারই যৌক্তিক পরিণতির নাম৷’
বিফ্রিংয়ের আগে টার্কিশ এয়ারলাইনসের নানা দিক তুলে ধরা হয়৷ বলা হয়, টানা তৃতীয়বারের মতো ইউরোপের সেরা হয়েছে টার্কিশ এয়ারলাইনস৷ বর্তমানে ১০৫টি দেশের ২০৫টি আন্তর্জাতিক গন্তব্যে চলাচল করছে এই এয়ারলাইনসের উড়োজাহাজ৷ এর মধ্যে রয়েছে ইউরোপের ৪১টি দেশের ৯৬টি, দূরপ্রাচ্যের ২০টি দেশের ৩১টি, মধ্যপ্রাচ্যের ১৪টি দেশের ৩৪টি, আফ্রিকার ২৫টি দেশের ২৬টি, উত্তর আমেরিকার দুটি দেশের ছয়টি এবং দক্ষিণ আমেরিকার দুটি দেশের দুটি গন্তব্য৷
১৯৩৩ সালে পাঁচটি উড়োজাহাজ নিয়ে চালু হওয়া এই এয়ারলাইনসের বর্তমান উড়োজাহাজ ২৩০টি৷ ২০২১ সালের মধ্যে এই সংখ্যা ৪৩৫টি করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে৷ সাফল্যের স্মারক হিসেবে টার্কিশ এয়ারলাইনস ‘স্কাই ট্র্যাক্স’ অর্জন করেছে, যা চার তারকা র্যাংক হিসেবে পরিচিত৷
বর্তমানে ইস্তাম্বুলের দুটি বিমানবন্দরে দিনে এক হাজার ২০০টি উড়োজাহাজ ওঠানামা করে৷ ওখানে আরেকটি বিমানবন্দর তৈরির কাজ চলছে, যা হবে বিশ্বের তৃতীয় বৃহত্তম৷ এটি সম্পন্ন হলে দিনে দুই হাজার ৬০০ উড়োজাহাজ ওঠানামা করতে পারবে৷
টার্কিশ এয়ারলাইনসের কর্মকর্তারা বলেন, ২০৩০ সালের মধ্যে সর্ববৃহৎ অর্থনৈতিক শক্তিতে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে মধ্য এশিয়া ও চীনের৷ ভারতীয় উপমহাদেশকে কেন্দ্র করে ব্যবসায়-বাণিজ্যের প্রসারও হবে অতি দ্রুত৷ এ বিষয়টি সামনে রেখে টার্কিশ এয়ারলাইনস বহুমুখী পরিকল্পনা গ্রহণ করেছে, বাংলাদেশও যার পরিকল্পনার অন্তর্ভুক্ত৷
টার্কিশ এয়ারলাইনসের ভালো করার নেপথ্য কারণ বর্ণনা করে সিইও তেমেল কোটিল বলেন, বিষয়টি আর কিছু নয়, ভালোবাসা৷ যাত্রীর প্রতি ভালোবাসা, মানুষের প্রতি ভালোবাসা৷ এ ছাড়া রয়েছে ভালো সেবা, ভালো খাবার ও ভালো উড়োজাহাজ৷
টার্কিশ এয়ারলাইনসকে গত বছর বাংলাদেশি হজযাত্রী পরিবহনের সুযোগ দেওয়ায় গর্ববোধ প্রকাশ করে কোটিল আরও বলেন, ‘আমরা গর্বিত যে বাংলাদেশ সরকার সেই সুযোগ আমাদের দিয়েছে৷’
টার্কিশ এয়ারলাইনস তার গন্তব্য সম্প্রসারণে ঝুঁকির পরিবর্তে মানুষের প্রতি দায়বদ্ধতা ও সেবাকে প্রধান্য দেয় উল্লেখ করে সিইও বলেন, ‘সোমালিয়ার মতো দেশে আমরাই প্রথম আকাশসেবা দেওয়া শুরু করেছি৷ এ ছাড়া অনেক স্পর্শকাতর জায়গায়ও সম্প্রসারণ করেছি আমাদের সেবা কর্মসূচি, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে৷’