ঢাকা-দিল্লি আকাশপথে দৈনিক উড়বে এয়ার ইন্ডিয়ার বিমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের রাষ্ট্রীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া সেই দেশের রাজধানী নয়াদিল্লি থেকে পুনরায় বাংলাদেশের রাজধানী ঢাকায় সরাসরি বিমান চালাবে। আগামী ৩ ডিসেম্বর শুরু হবে এয়ার ইন্ডিয়ার নিয়মিত এই উড্ডয়ন। ঢাকার একটি হোটেলে গত মঙ্গলবার আয়োজিত এক সংবাদ সমেঞ্চলনে এ ঘোষণা দেন এয়ার ইন্ডিয়ার পূর্বাঞ্চলীয় নির্বাহী পরিচালক আর দয়াল। এ সময় বিমান সংস্থাটির মহাব্যবস্থাপক ডি কিশোর ও বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ধ্যানব্রত সান্যাল উপস্থিত ছিলেন।সংবাদ সম্মেলনে জানানো হয়, ঢাকা-দিল্লি পথে যাত্রী পরিবহনে এয়ার ইন্ডিয়া এয়ারবাস এ-৩২০ ব্যবহার করবে। বিমানটির ইকনোমি ক্লাসে ডিসেম্বর মাসে ১৪০টি আসন ও ২০১৩ সালের জানুয়ারি থেকে মোট ১৬৮টি আসন থাকবে। এটি প্রতিদিন সকাল ৫.৪৫ মিনিটে দিল্লি থেকে যাত্রা করে সকাল ৮.৪৫ মিনিটে ঢাকা এসে পৌঁছাবে। ফিরতি ফ্লাইট সকাল ৯.৪৫ মিনিটে ঢাকা ছেড়ে যাবে এবং ১১.৪৫ মিনিটে দিল্লিতে অবতরণ করবে।ঢাকা থেকে মধ্যপ্রাচ্য, লন্ডন, প্যারিস ও ফ্রাঙ্কফুর্টগামী যাত্রীরা এয়ার ইন্ডিয়ার মাধ্যমে তাঁদের পরবর্তী গন্তব্যের ফ্লাইট ধরতে পারবেন এবং এ জন্য কাউকেই টার্মিনাল পরিবর্তন করতে হবে না।