ঢাকা-দোহা রুটে ফ্লাইট বাড়ছে কাতার এয়ারওয়েজের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-দোহা আন্তর্জাতিক রুটে কাতার এয়ারওয়েজের ফ্লাইট বাড়ছে। এপ্রিল থেকে তৃতীয় ফ্লাইট চালু করবে এয়ারওয়েজটি। বর্তমানে দিনে দুটি করে ফ্লাইট পরিচালনা করে কাতার এয়ারওয়েজ।

এ বিষয়ে আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিমান সংস্থাটি।

সংবাদ বিজ্ঞপ্তিতে কাতার এয়ারওয়েজ গ্রুপের প্রধান নির্বাহী আকবর আল বাকের বলেন, ‘আরও একটি ফ্লাইট চালু করার ফলে আমাদের যাত্রীদের পছন্দ অনুযায়ী ফ্লাইট বেছে নেওয়ার সুযোগ বাড়ল। ফলে বাংলাদেশ থেকে আমাদের যে বিপুল চাহিদা, তা কিছুটা হলেও পূরণ হবে।’

বর্তমানে কাতার এয়ারওয়েজ ঢাকা-দোহা রুটে এয়ারবাস এ৩৩০-এর মাধ্যমে দুটি ভিন্ন ক্লাসে সেবা দিয়ে থাকে। বিজনেস ক্লাসে ৩০টি ও ইকোনমি ক্লাসে থাকে ২৭৫টি আসন। বাড়তি ফ্লাইটটি ১ এপ্রিল থেকে প্রতিদিন বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৫৫তে ঢাকা ছেড়ে যাবে ও রাত ১১টায় দোহায় পৌঁছাবে। দোহা থেকে প্রতিদিন সকাল ৯টায় ছেড়ে গিয়ে বিকেল ৪টা ৫০ মিনিটে ঢাকায় পৌঁছাবে।

নতুন ফ্লাইট চালু উপলক্ষে ইকোনমি এবং বিজনেস ক্লাসের ভাড়ার ওপর দেওয়া হচ্ছে সর্বোচ্চ ৩০ শতাংশ মূল্যছাড়। চলতি বছরের ১ এপ্রিল থেকে ১০ ডিসেম্বরের মধ্যে ভ্রমণ করতে আগামী ২ মার্চ পর্যন্ত টিকিট কিনতে পারবেন আগ্রহীরা।