ঢাকা-নারায়ণগঞ্জে হচ্ছে দ্বিমুখী রেলপথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা ও নারায়ণঞ্জের মধ্যে দ্বিমুখী রেললাইন হচ্ছে। বিদ্যমান মিটারগেজ লাইনের সমান্তরালে সাড়ে ২১ কিলোমিটার দীর্ঘ আরেকটি ডুয়েল বা দ্বৈতগেজ লাইন নির্মাণ করা হবে।
গতকাল মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) ৩৭৮ কোটি টাকার ঢাকা-নারায়ণগঞ্জ সেকশনে বিদ্যমান মিটারগেজ রেললাইনের সমান্তরালে একটি ডুয়েলগেজ রেললাইন নির্মাণ প্রকল্প অনুমোদন দেওয়া হয়। প্রকল্পটি ২০১৭ সালের জুনের মধ্যে শেষ হবে। এ রেলপথটি হলে দৈনিক ৯৩ হাজার যাত্রী পরিবহন করা যাবে। এখন দৈনিক ২৩ হাজার যাত্রী পরিবহন করা হচ্ছে।
প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে ১ হাজার ৩১ কোটি টাকার মোট ছয়টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে দেশজ উৎস থেকে জোগান দেওয়া হবে ৬৯৫ কোটি টাকা এবং প্রকল্প সাহায্য পাওয়া যাবে ৩৩৬ কোটি টাকা।
গতকাল অনুমোদিত অন্য প্রকল্পগুলো হলো: পাহাড়তলী ওয়ার্কশপ উন্নয়ন (সংশোধিত) প্রকল্প, ঢাকা মহানগরে ১১টি মাধ্যমিক বিদ্যালয় ও ছয়টি মহাবিদ্যালয় (সরকারি) স্থাপন (২য় সংশোধিত) প্রকল্প, স্বল্পমূল্যে সৌরবিদ্যুৎ উৎপাদন প্রযুক্তি উন্নয়ন (১ম সংশোধিত) প্রকল্প, সিরাজগঞ্জ-কাজীপুর-ধুনট সড়কে তিনটি পিসি গার্ডার ব্রিজ (শালুয়াঘাট, পাইকরতলি ও ঘোড়াচড়া) ও বিদ্যমান তিনটি বেইলি ব্রিজের সুপার স্ট্রাকচার (নইলসাপাড়া, ফকিরতলা ও সোনামুখী) নির্মাণ (১ম সংশোধিত) এবং শ্রম ভবন নির্মাণ প্রকল্প।
সভা শেষে রাজনৈতিক সহিংসতা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, এখন যে পরিস্থিতি দাঁড়িয়েছে, তা অব্যাহত থাকলে স্বাভাবিকভাবে উন্নয়ন কার্যক্রমকে বাধাগ্রস্ত করবে। কেননা, বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের সঙ্গে সরাসরি অর্থনৈতিক প্রবৃদ্ধির বিষয়টি সম্পৃক্ত।
একনেক সভায় সংশ্লিষ্ট মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।