ঢাকা বাণিজ্য মেলা ১ জানুয়ারি থেকে
মাসব্যাপী ১৬তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা আগামী ১ জানুয়ারি শনিবার রাজধানীর শেরেবাংলা নগরে শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই দিন সকালে আনুষ্ঠানিকভাবে এই মেলার উদ্বোধন করবেন। খবর ইউএনবির।এবারের মেলায় বাংলাদেশসহ ১৪টি দেশের বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নিতে যাচ্ছে। দেশগুলো হলো: ভারত, পাকিস্তান, চীন, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, জাপান, সৌদি আরব, ইরান, তুরস্ক, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র।গত বছর বাণিজ্য মেলায় বাংলাদেশসহ ১১টি দেশের বিভিন্ন প্রতিষ্ঠান তাদের পণ্য পরিবেশন করেছিল।এবারের মেলায় মুক্তিযুদ্ধ জাদুঘরের সহায়তায় আর্থিক সাম্য, অর্থনৈতিক কৌশল ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বিষয়ে জাতির জনকের স্বপ্ন নিয়ে একটি উপস্থাপনা থাকবে।মেলায় পাঁচটি বিশেষ প্যাভিলিয়ন, পাঁচটি প্রিমিয়ার প্যাভিলিয়ন, চারটি মিনি প্রিমিয়ার প্যাভিলিয়ন ও ৩৫টি প্রিমিয়ার স্টল থাকবে। এ ছাড়া পাঁচটি বিশেষ প্যাভিলিয়নের মধ্যে দুটি হবে পাকিস্তানের। আর বাকি তিনটি থেকে একটি করে বাংলাদেশ, ইরান ও থাইল্যান্ডের।গণপূর্ত মন্ত্রণালয়ের নিজস্ব জায়গায় এবার গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করা হবে এবং তা হবে পর্যাপ্ত। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ বাহিনীকে সহযোগিতার পাশাপাশি মেলায় থাকবে আনসার বাহিনী।বাণিজ্য মন্ত্রণালয়ের সহযোগিতায় মেলার মূল আয়োজক রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)। ইপিবি সূত্রে জানা গেছে, মেলার প্রবেশপথ ইজারা পেয়েছে মির ব্রাদার্স। তারা তিন কোটি ১১ লাখ টাকা প্রদান করবে (যাবতীয় করসহ)।গত বছর বাণিজ্য মেলায় তাৎক্ষণিকভাবে ২২ কোটি ৮৬ লাখ টাকার রপ্তানি আদেশ পাওয়া গিয়েছিল। আর ইপিবির লাভ হয়েছিল সাত কোটি ১৯ লাখ টাকা।