ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কাজ করবে ক্রিয়েটিভ আইটি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রাফিকস ডিজাইন বিভাগের সঙ্গে একযোগে কাজ করতে যাচ্ছে তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান ক্রিয়েটিভ আইটি লিমিটেড। এ লক্ষ্যে গতকাল রোববার প্রতিষ্ঠান দুটি একটি স্মারক স্বাক্ষর করেছে।
এই স্মারক স্বাক্ষরের ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রাফিকস ডিজাইন বিভাগের শেষ বর্ষের সব শিক্ষার্থী বিনা মূল্যে ক্রিয়েটিভ আইটিতে ইন্টার্নশিপের সুযোগ পাবেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকের উপস্থিতিতে ক্রিয়েটিভ আইটির চেয়ারম্যান মনির হোসেন ও গ্রাফিকস ডিজাইন বিভাগের চেয়ারম্যান মাসুদুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্মারকে সই করেন।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, গ্রাফিকস ডিজাইন বিভাগ ও ক্রিয়েটিভ আইটির মধ্যে স্মারক স্বাক্ষরের ফলে শিক্ষার্থীরা পেশাগত জগৎ সম্পর্কে ধারণা লাভ করবে। এতে এই বিভাগে শিক্ষার মান আরও উন্নত হবে।
গ্রাফিকস ডিজাইনের সম্ভাবনার কথা উল্লেখ করে উপাচার্য আরও বলেন, বর্তমান বিশ্বে গ্রাফিকস ডিজাইন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। কেননা কোনো প্রতিষ্ঠানই গ্রাফিকস ডিজাইন ছাড়া চলতে পারে না। তথ্যপ্রযুক্তিতে বাংলাদেশ বৈদেশিক মুদ্রা আনায়নে এই বিভাগের শিক্ষার্থীরা ভূমিকা রাখতে পরে বলেও মনে করেন তিনি।
গ্রাফিকস ডিজাইন বিভাগের চেয়ারম্যান মাসুদুর রহমান বলেন, ‘শিক্ষার্থীরা যেন আধুনিক প্রযুক্তির বিশেষায়িত জ্ঞান অর্জন করে নিজেকে সময়োপযোগী উচ্চতর শিক্ষায় নিজেদের যুক্ত করতে পারে এবং আন্তর্জাতিক মানের কাজ করতে পারে, সে জন্যই আমরা ক্রিয়েটিভ আইটির সঙ্গে একাত্ম হয়েছি। ’
অনুষ্ঠানে ক্রিয়েটিভ আইটির চেয়ারম্যান মনির হোসেন জানান, তাঁর প্রতিষ্ঠান শিক্ষার্থীদের ইন্টার্নশিপের পাশাপাশি আন্তর্জাতিক মার্কেট প্লেসে চাকরি পাওয়ার ক্ষেত্রেও সব ধরনের সহযোগিতা করবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চারুকলা অনুষদের ডিন নিসার হোসেন, গ্রাফিকস ডিজাইন বিভাগের শিক্ষক সমরজিৎ রায় চৌধুরী, এফ এম কায়সার, বিডিজবসডটকমের সিইও ফাহিম মাশরুর, ক্রিয়েটিভ আইটির বিজনেস হেড তানভীর তমালসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। বিজ্ঞপ্তি