ঢাকা বিশ্ববিদ্যালয় ও সিএসইর চুক্তি সই
ঢাকা বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) মধ্যে যৌথ গবেষণা-সংক্রান্ত একটি চুক্তি হয়েছে। গত শনিবার দুই প্রতিষ্ঠানের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির আওতায় বিশ্বব্যাংক ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অর্থায়নে যৌথ গবেষণা কার্যক্রম পরিচালিত হবে। গবেষণার বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছে ‘পুঁজিবাজারের উন্নয়নে হিসাববিজ্ঞানের ভূমিকা’। গবেষণা কার্যক্রমটি তত্ত্বাবধান করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগ।এদিকে ঢাবির সিনেট ভবনে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন সিএসইর সভাপতি আল মারুফ খান। সিএসইর প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ সাজিদ হোসেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ কামালউদ্দিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। বিজ্ঞপ্তি।