ঢাকা বিশ্ববিদ্যালয় ও সিএসইর মধ্যে সমঝোতা স্মারক সই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। আজ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে এই চুক্তি সই হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো. কামাল উদ্দিন ও সিএসইর প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ সাজিদ হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সিএসইর সভাপতি আল মারুফ খান, সহসভাপতি এম কে এম মহিউদ্দিন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক আবুল হাসেম, অধ্যাপক মো. মুহিবুর রহমান ও ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক জামাল উদ্দিন, অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, প্রকল্পের ব্যবস্থাপক মিজানুর রহমান প্রমুখ।প্রধান অতিথির বক্তব্যে আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ও সিএসইর মধ্যে এই সমঝোতা চুক্তির ফলে শিক্ষা ও গবেষণায় গতিশীলতা আসবে। সিএসইতে তালিকাভুক্ত কোম্পানিগুলোর প্রকাশিত আর্থিক প্রতিবেদনে স্বচ্ছতা আসবে। বিনিয়োগকারীরা এতে উপকৃত হবেন।বিশ্বব্যাংক ও ইউজিসির অর্থায়নে ‘বাংলাদেশের পুঁজিবাজারের উন্নয়নে অ্যাকাউন্টিংয়ের ভূমিকা’ শীর্ষক একটি প্রকল্পে যৌথ গবেষণা কার্যক্রম সম্পাদিত হবে। প্রকল্পটি তত্ত্ব্বাবধানের দায়িত্বে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগ। সিএসইর করপোরেট ফাইন্যান্স বিভাগ তালিকাভুক্ত কোম্পানির আর্থিক বিষয় পর্যালোচনা, বিশ্লেষণ ও পর্যবেক্ষণ করে থাকে। তাই সিএসই ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগ তাদের গবেষণাকৃত তথ্য সহজেই পরস্পরের মধ্যে আদান-প্রদান করতে পারবে।