ঢাকা-ব্যাংকক পথে থাইয়ের নতুন ফ্লাইট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা থেকে ব্যাংকক পথে নতুন ফ্লাইট চালু করতে যাচ্ছে থাইল্যান্ডের জাতীয় উড়োজাহাজ সংস্থা থাই এয়ারওয়েজ। আগামী বছরের প্রথম দিন অর্থাৎ ২০১৭ সালের ১ জানুয়ারি থেকে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে নতুন এ ফ্লাইট চলাচল শুরু হবে। রাজধানীর তেজগাঁওয়ে থাই এয়ারওয়েজের বাংলাদেশ কার্যালয়ে গতকাল মঙ্গলবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন থাই এয়ারওয়েজ বাংলাদেশের জেনারেল ম্যানেজার সাতিত দামরাং। এ সময় ঢাকার থাই দূতাবাসের কমার্শিয়াল মিনিস্টার কাউন্সেলর সুয়েবসাক দাংবুনরুয়েং ও থাই এয়ারওয়েজ বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, যাত্রীদের ট্রানজিট সুবিধা দিতে প্রতি সপ্তাহে চার দিন এখন ঢাকা-ব্যাংকক পথে থাই এয়ারওয়েজের রাত্রিকালীন ফ্লাইট চলবে। বোয়িং ৭৭৭ মডেলের উড়োজাহাজ দিয়ে প্রতি সপ্তাহের সোম, বুধ, শুক্র ও শনিবার দিবাগত রাত দুইটায় ঢাকা থেকে ব্যাংককের উদ্দেশে ফ্লাইট ছেড়ে যাবে। আর ব্যাংকক থেকে প্রতি মঙ্গল, বৃহস্পতি, শনি ও রোববার ঢাকার উদ্দেশে ফ্লাইট ছাড়বে স্থানীয় সময় রাত ১১টা ১৫ মিনিটে। বর্তমানে ঢাকা-ব্যাংকক পথে প্রতিদিন বেলা ১টা ৪০ মিনিটে থাই এয়ারওয়েজের ফ্লাইট চলাচল করছে। রাতের নতুন চারটি ফ্লাইটের মাধ্যমে ঢাকা থেকে এখন সপ্তাহে মোট ১১টি ফ্লাইট চলবে থাই এয়ারওয়েজের।
সাতিত দামরাং বলেন, যেসব বাংলাদেশি ব্যাংকক থেকে ট্রানজিট নিয়ে চীন, জাপান, মালয়েশিয়া, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের মতো দেশে যেতে চান, তাঁদের জন্য রাত্রিকালীন এই ফ্লাইট হবে খুব সুবিধাজনক। কারণ ব্যাংকক থেকে বেশির ভাগ ফ্লাইট সকালে ছেড়ে যায়। এতে যাত্রীদের ট্রানজিট বিরতি হবে খুব অল্প সময়ের।
নতুন ফ্লাইট শুরু উপলক্ষে ঢাকা-ব্যাংকক-ঢাকা আসা-যাওয়ার ভাড়া নির্ধারণ করা হয়েছে করসহ ৩২০ মার্কিন ডলার।