ঢাকা-মালদ্বীপ সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে সরাসরি বিমান চলাচল শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ নিয়ে গত রোববার দুই দেশের বেসামরিক বিমান পরিবহন (সিভিল এভিয়েশন) কর্তৃপক্ষের মধ্যে সমঝোতা স্মারক সই হয়েছে। গতকাল বাংলাদেশ সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সমঝোতা স্মারক অনুযায়ী, দুই দেশের মধ্যে সপ্তাহে ১৪টি যাত্রীবাহী ফ্লাইট ও অনির্দিষ্টসংখ্যক কার্গো ফ্লাইট চলাচল করতে পারবে। সিভিল এভিয়েশন সূত্র জানায়, গত রোববার মালদ্বীপের রাজধানী মালেতে এই সমঝোতা স্মারকে বাংলাদেশ সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মাহমুদ হোসেন ও মালদ্বীপের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের প্রধান নির্বাহী হুসাইন জলিল সই করেন। এ সময় মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল এ এস এম এ আউয়ালও উপস্থিত ছিলেন।এর আগে বাংলাদেশের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের সচিব আতাহারুল ইসলামের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধিদল ৩ মে মালদ্বীপ যায়।