ঢাকা-রংপুর বিভাগের আন্তনগর ট্রেনগুলোয় এসি কোচ যুক্ত হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী ঢাকা ও রংপুর বিভাগের মধ্যে চলাচলকারী প্রতিটি আন্তনগর ট্রেনে আধুনিক শীতাতপনিয়ন্ত্রিত (এসি) কোচ সংযোজনের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে গত মঙ্গলবার দিনাজপুর-ঢাকা রুটের দ্রুতযান ট্রেনে জুড়ে দেওয়া হয় একটি আধুনিক এসি কোচ। জানা গেছে, রংপুর বিভাগের মধ্যে এত দিন কেবল সৈয়দপুর-ঢাকা পথে চলাচলকারী বিলাসবহুল নীলসাগর এক্সপ্রেসেই এসি কোচ ছিল। এতে একটি প্রথম শ্রেণীর বার্থ (শয়ন) কম্পার্টমেন্ট ও একটি এসি চেয়ার কোচ রয়েছে। ঢাকা-রংপুর বিভাগের মধ্যে চলাচলকারী অন্য এক্সপ্রেস ট্রেনগুলো হচ্ছে লালমনি এক্সপ্রেস (লালমনিরহাট), রংপুর এক্সপ্রেস (রংপুর), দ্রুতযান ও একতা এক্সপ্রেস (দিনাজপুর)। গত বছরে চালু হওয়া রংপুর এক্সপ্রেসে একটি শীতাতপনিয়ন্ত্রিত কোচ থাকলেও পরে সেটি সরিয়ে নেওয়া হয়।দিনাজপুরের চিরিরবন্দর-খানসামা আসনের সাংসদ আবুল হাসান মো. মাহমুদ আলী বলেন, রেলের যাত্রীর সংখ্যা দিন দিন বাড়ছে। তাই ট্রেনগুলোয় শীতাতপনিয়ন্ত্রিত কোচের প্রয়োজন রয়েছে। সেজন্য এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে বহুবার দাবি তোলা হয়। সৈয়দপুর রেলওয়ে কারখানা সূত্রে জানা গেছে, দিনাজপুরের দ্রুতযানে যে এসি কোচ যুক্ত করা হয়েছে তাতে রাত্রিকালীন যাত্রায় ১৬টি বার্থ (শয়ন) সিট রয়েছে। তবে দিনের যাত্রায় বসার সিট হিসেবে ২৭ জন যাত্রী এই কোচে ভ্রমণ করতে পারবেন। পুরোনো একটি বিকল কোচ মেরামত করে শীতাতপনিয়ন্ত্রিত কোচটি তৈরি করা হয়েছে।রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) আবদুল হাই জানান, পরে অন্যান্য ট্রেনেও এসি কোচ যোগ করা হবে।পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক মো. ফেরদৌস আলম জানান, রংপুর বিভাগে চলাচলকারী ট্রেনগুলোয়ে যেসব শীতাতপনিয়ন্ত্রিত কোচ যুক্ত করা হবে সেগুলো কোচ সৈয়দপুর রেলওয়ে কারখানাতেই নির্মাণ করা হবে।