ঢাকা-রাজশাহী পথে শিগগিরই বিমান চলাচল শুরু
গ্যালাক্সি ফ্লাইং একাডেমি লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান শিগগিরই রাজশাহী-ঢাকা পথে পুনরায় বিমান চলাচল শুরু করতে যাচ্ছে। ২০০৭ সালের ১৯ ফেব্রুয়ারির পরে এই পথে আর বিমান চলাচল করেনি। জানা গেছে, বাংলাদেশ-মালয়েশিয়ার যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত গ্যালাক্সি ফ্লাইং একাডেমি লিমিটেড ঢাকার সঙ্গে বিমান যোগাযোগ চালুর পাশাপাশি রাজশাহীতে একটি বিমান প্রশিক্ষণ একাডেমিও স্থাপন করবে।এরপর প্রতিষ্ঠানটি এখানে বিমান মেরামত ও যন্ত্রাংশ তৈরির কারখানাও স্থাপন করবে। মালয়েশিয়াভিত্তিক সিটিআরএম এভিয়েশন কোম্পানির সহযোগিতায় রাজশাহীর শাহমখদুম বিমানবন্দরে এই কারখানাটি স্থাপন করবে গ্যালাক্সি ফ্লাইং একাডেমি।এ ব্যাপারে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামানের সঙ্গে গতকাল তাঁর কার্যালয়ে মালয়েশিয়াভিত্তিক সিটিআরএম এভিয়েশনের করপোরেট বিপণন বিভাগের প্রধান অ্যাড্রিয়ান র্যানডাল লোপেজ এবং গ্যালাক্সি ফ্লাইং একাডেমির এমডি মাসুদুর রহমান মতবিনিময় করেন।মেয়র রাজশাহীকে বিনিয়োগের উপযোগী স্থান হিসেবে আখ্যায়িত করে এখানকার ভৌগোলিক অবস্থান, যোগাযোগব্যবস্থা, আবহাওয়া ও সামাজিক অবস্থা ইত্যাদির বর্ণনা দেন। মতবিনিময়কালে রাজশাহী সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী সিরাজুম মুনীর, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আশরাফুল হক, জনসংযোগ কর্মকর্তা সিরাজুল ইসলাম ও মেয়রের একান্ত সচিব মো. শফিকুল ইসলাম এবং গ্যালাক্সি ফ্লাইং একাডেমির স্থানীয় পরিচালক আসগর হোসেন উপস্থিত ছিলেন।