ঢাকা-লন্ডন-ম্যানচেস্টার পথে উড়তে শুরু করল বিমানের পালকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সদ্য কেনা নতুন বোয়িং ৭৭৭ (পালকি) ঢাকা-ম্যানচেস্টার পথে ননস্টপ বা বিরতিহীন উড্ডয়ন শুরু করেছে।দীর্ঘ বিরতির পর ঢাকা-লন্ডন-ম্যানচেস্টার-ঢাকা পথে পুনরায় চালু হওয়া পালকির উদ্বোধনী ফ্লাইটটি গত বুধবার সকাল ১০টা ৫ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। ফিরতি ফ্লাইটে ৪০৩ জন যাত্রী নিয়ে গত বৃহস্পতিবার বেলা একটা ২০ মিনিটে ঢাকা এসে অবতরণ করে। বাংলাদেশ বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বিমানের বহরে যোগ দেওয়া নতুন জেনারেশনের বোয়িং ৭৭৭ ৩০০ইআর প্রাথমিকভাবে ইউরোপের চারটি গন্তব্য—লন্ডন, ম্যানচেস্টার, রোম ও মিলানে উড়বে। এর মধ্যে ঢাকা-লন্ডন-ম্যানচেস্টার-ঢাকা পথে চলবে প্রতি বুধ ও শনিবার। এ ছাড়া বিমানের সুপরিসর এয়ারবাস দিয়ে রবি, মঙ্গল ও বৃহস্পতিবার সিলেট ও দুবাই হয়ে ঢাকা-লন্ডন ফ্লাইট চলাচল করবে। ১৪ নভেম্বর থেকে বোয়িং ৭৭৭ দিয়ে ঢাকা-রোম-মিলান-ঢাকা পথে ফ্লাইট শুরু হবে। এই পথে সপ্তাহে দুটি ফ্লাইট পরিচালিত হবে।ঢাকা-লন্ডন-ম্যানচেস্টার-ঢাকা পথে এক্সিকিউটিভ ও ইকোনমি ক্লাসের রিটার্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে যথাক্রমে এক হাজার ৫৭৫ ও ৯০০ মার্কিন ডলার। আর ঢাকা-রোম-মিলান-ঢাকা পথে ভাড়া নির্ধারণ করা হয়েছে যথাক্রমে এক হাজার ৭৫০ ও এক হাজার ডলার।ঢাকা-ম্যানচেস্টার-ঢাকা পথে বাংলাদেশ বিমানের প্রথম ফ্লাইট শুরু হয় ২০০৬ সালের ৩০ এপ্রিল, যা ২০০৭ সালের ২৫ মার্চ পর্যন্ত চালু থাকে। চলতি মাসের মাঝামাঝি বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহরে যুক্ত হচ্ছে আরও একটি বোয়িং ৭৭৭ ৩০০ইআর, যেটির নামকরণ হয়েছে ‘অরুণ আলো’।