ঢাকা-সৈয়দপুর পথে কাল থেকে উড়বে ইউএস-বাংলা এয়ার

বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনসের বিমান কাল বৃহস্পতিবার থেকে ঢাকা-সৈয়দপুর পথে উড়তে শুরু করবে।
এ উপলক্ষে গতকাল মঙ্গলবার সৈয়দপুর বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে এক সুধী সমাবেশের আয়োজন করে বিমান সংস্থাটি। এ ছাড়া সংস্থাটির একটি উড়োজাহাজ এদিন সৈয়দপুরের আকাশে ট্রায়াল রান বা পরীক্ষামূলক উড্ডয়ন করে।
সমাবেশে সভাপতিত্ব করেন সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক শাহীন আহমেদ। এতে প্রধান অতিথি ছিলেন ইউএস-বাংলার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবদুল্লাহ আল মামুন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন শিল্পপতি সিদ্দিকুল আলম, ইকু ট্রাভেলস ইন্টারন্যাশনালের পরিচালক তারিকুল আলম, সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন, ইউএস-বাংলার বিপণনপ্রধান শফিকুল ইসলাম প্রমুখ। এ সময় রংপুর অঞ্চলের বিভিন্ন পর্যটনসেবা প্রতিষ্ঠান, ট্রাভেল এজেন্ট, শিল্পপতি ও সুধীজনেরা উপস্থিত ছিলেন।
ইউএস-বাংলা এয়ারলাইনস গত জুলাই থেকে দুটি এয়ারক্রাফট দিয়ে দেশের অভ্যন্তরীণ পথে যাত্রীসেবা শুরু করে। তাদের বিমান বর্তমানে ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার ও যশোর গন্তব্যে উড্ডয়ন করছে।