ঢাকা-সৈয়দপুর আকাশপথে অক্টোবর থেকে বিমান উড়বে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিমান ও পর্যটনমন্ত্রী জি এম কাদেরের দফায় দফায় দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী এখনো সৈয়দপুর-ঢাকা পথে সরকারি বিমান না উড়লেও আগামী অক্টোবর থেকে এই পথে বেসরকারি বেস্ট এয়ারের বিমান চলাচল শুরু হবে।বেস্ট এয়ারের বিক্রয় ব্যবস্থাপক গোলাম মাহফুজ চৌধুরী পাভেলের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি প্রথম আলোর কাছে বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক শহীদুল আলম চৌধুরীও প্রথম আলোকে জানান, এরই মধ্যে বেস্ট এয়ার তৎ পরতা শুরু করেছে। আগামী অক্টোবরের প্রথম সপ্তাহ থেকেই তারা সৈয়দপুর-ঢাকা পথে নিয়মিত বিমান পরিচালনা করবে।এদিকে পরিচয় প্রকাশ না করার শর্তে সিভিল এভিয়েশনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা প্রথম আলোকে জানান, ভুটান সরকার সে দেশের ট্রানজিট বিমানবন্দর হিসেবে সৈয়দপুরকেই নির্বাচন করেছে। আগামী বছরের শেষভাগে সৈয়দপুর বিমানবন্দর আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত হবে বলে আশা করা হচ্ছে।প্রসঙ্গত, অব্যাহত লোকসানের উল্লেখ করে বিগত তত্ত্বাবধায়ক সরকার সৈয়দপুর-ঢাকা পথে বিমানের চলাচল বন্ধ করে দেয়। তখন এই পথে প্রতিদিন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি করে বিমান চলাচল করত।সৈয়দপুর-ঢাকা পথে বিমান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় উত্তর জনপদের যাত্রীরা সীমাহীন দুর্ভোগে পড়েন। সেই সঙ্গে উত্তরা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকাতেও (ইপিজেড) বিদেশি বিনিয়োগ এবং উন্নয়ন সংস্থাগুলোর কার্যক্রম কমতে থাকে। একইভাবে বড়পুকুরিয়া কয়লাখনি, মধ্যপাড়া কঠিন শিলা, পঞ্চগড়ের চা-বাগান ও সৈয়দপুর রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিপাকে পড়েন। এ ছাড়া বৃহত্তর রংপুর ও দিনাজপুর জেলার কমপক্ষে ৩০টি আসনের সাংসদেরা দ্রুত রাজধানীতে যাতায়াতে বেকায়দায় পড়েন। তারাও বারবার সৈয়দপুরে বিমান চালুর দাবি করেছেন।রংপুরের বদরগঞ্জ-তারাগঞ্জের সাংসদ আনিসুল ইসলাম মণ্ডল প্রথম আলোকে বলেন, ‘রংপুর বিভাগের একমাত্র বিমানবন্দরটিতে বিমান চলাচল বন্ধ থাকায় মন্ত্রীরা উত্তরাঞ্চলে আসতে চান না। যে কারণে আমরা উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছি।’নীলফামারী-৪ আসনের সাংসদ কর্নেল (অব.) এ এ মারুফ সাকলান বিমান ও পর্যটনমন্ত্রীর আশ্বাস অনুযায়ী সৈয়দপুরে বিমান চালু না হওয়ায় হতাশা ব্যক্ত করেছেন।শিল্পপতি শওকত চৌধুরী জানান, বিমান চলাচল চালু হলে উত্তরাঞ্চলে ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে এবং অনেক বিনিয়োগ আসবে। ফলে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।