ঢাকা-সৈয়দপুর পথে উড়ল বিমানের উড়োজাহাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আট বছর বন্ধ থাকার পর ঢাকা-সৈয়দপুর-ঢাকা পথে উড়তে শুরু করেছে জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজ।
৭৪ জন যাত্রী নিয়ে গতকাল বৃহস্পতিবার বিকেলে ঢাকার উদ্দেশে ছেড়ে যায় উড়োজাহাজটি। উড়োজাহাজটিতে যাত্রী হিসেবে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদও ছিলেন।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের অতিথি সংসদে বিরোধীদলীয় হুইপ মো. শওকত চৌধুরী বিমান চলাচলের উদ্বোধন করেন। বিমান বাংলাদেশের সৈয়দপুরের ব্যবস্থাপক আবু আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে সংস্থাটির সৈয়দপুর স্টেশন ব্যবস্থাপক রফিকুল হাসান, নীলফামারীর জেলা প্রশাসক জাকীর হোসেন, পুলিশ সুপার জোবায়েদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
কানাডার তৈরি ৭৪ আসনের ড্যাশ-৮ কিউ মডেলের উড়োজাহাজটি গতকাল বিকেল চারটা ৫৭ মিনিটে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করে। বিকেল পাঁচটা ৫৫ মিনিটে সৈয়দপুর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায় বিমানটি।
এখন থেকে প্রতি শনি, সোম ও বৃহস্পতিবার এই পথে উড়োজাহাজটি চলাচল করবে। এর একমুখী টিকিটের মূল্য রাখা হয়েছে সাড়ে তিন হাজার, চার হাজার ও সাড়ে চার হাজার টাকা।
প্রসঙ্গত, অব্যাহত লোকসানের কারণে ২০০৭ সালে ঢাকা-সৈয়দপুর-ঢাকা পথে বাংলাদেশ বিমানের ফ্লাইট বন্ধ করে দেওয়া হয়।