ঢাকা স্কুল অব ইকোনমিকসে স্নাতকোত্তর ডিগ্রি কোর্স চালু
ঢাকা স্কুল অব ইকোনমিকসের পরিবেশ অর্থনীতি বিষয়ের স্নাতকোত্তর ডিগ্রি কোর্সের উদ্বোধন করলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।আগামী রোববার থেকে ওই কোর্সের ক্লাস আনুষ্ঠানিকভাবে শুরু হবে। রাজধানীর ইস্কাটনে বাংলাদেশ অর্থনীতি সমিতির মিলনায়তনে গতকাল মঙ্গলবার আয়োজিত এক অনুষ্ঠানে অর্থমন্ত্রী ২২ জন শিক্ষার্থীকে পরিচয়পত্র দেওয়ার মধ্য দিয়ে কোর্সের উদ্বোধন করেন।এতে সভাপতিত্ব করেন ঢাকা স্কুল অব ইকোনমিকসের গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ও রেক্টর কাজী খলীকুজ্জমান আহমদ। এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা স্কুল অব ইকোনমিকসের গভর্নিং কাউন্সিলের সদস্য তাফাজ্জুল ইসলাম, এস আর লস্কর, হাফিজ জি এ সিদ্দিকী, তৌফিক আহমদ চৌধুরী প্রমুখ। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, দেশের নামকরা অর্থনীতিবিদ ও শিক্ষকদের মাঝেমধ্যে এখানে এনে লেকচার দেওয়াতে হবে। তাহলে ছাত্রদের সুযোগ সৃষ্টি হবে। তখন তাঁদের বড় মাপের অর্থনীতিবিদ হওয়ার সম্ভাবনা বাড়বে। শিক্ষার্থীদের উদ্দেশে অর্থমন্ত্রী বলেন, ‘পরিবেশ অর্থনীতি খুবই আধুনিক বিষয়। আপনাদের মাধ্যমে নতুন দিগন্ত উন্মোচিত হলো। আর যাঁরা নতুন দিগন্ত উন্মোচন করেন তাঁদের ভবিষ্যতের জন্য কাজ করতে হয়।’ভবিষ্যতে ঢাকা স্কুল অব ইকোনমিকসে উচ্চতর গবেষণা হবে বলে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আশা প্রকাশ করেন। কাজী খলীকুজ্জমান আহমদ বলেন, ‘ঢাকা স্কুল অব ইকোনমিকসে উচ্চতর শিক্ষা ও গবেষণার সুযোগ সৃষ্টির লক্ষ্যে পরিচালিত হবে। আমরা এটিকে সেন্টার অব এক্সিলেন্স হিসেবে দাঁড় করাব।’ কাজী খলীকুজ্জমান আহমদ বলেন, ‘২০১০ সালে প্রধানমন্ত্রী ঘোষণার পর স্বল্পতম সময়ে আমরা অনেক কিছু গুছিয়েছি। লাইব্রেরি ও কম্পিউটার ল্যাব স্থাপনের কাজ শেষ। অর্থনীতি বিষয়ে স্নাতকোত্তর ডিপ্লোমা কোর্সের পাঠদান মাস খানেক আগে শুরু হয়েছে।’ খলীকুজ্জমান আহমদ আরও বলেন, সরকার ঢাকা স্কুল অব ইকনোমিকসের জন্য পাঁচ বিঘা জমি বরাদ্দ করার ঘোষণা দিয়েছে। সেটা না পাওয়া পর্যন্ত অর্থনীতি সমিতির কার্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালিত হবে। প্রসঙ্গত, ঢাকা স্কুল অব ইকোনমিকস ঢাকা বিশ্ববিদ্যালয়ের অঙ্গীভূত একটি প্রতিষ্ঠান। অর্থাৎ প্রতিষ্ঠানটির সব ডিগ্রি হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের।