ঢাকা স্টক এক্সচেঞ্জে দুই ঘণ্টায় ৩৫৮ কোটি টাকার লেনদেন
সূচক ও লেনদেনে ইতিবাচক প্রবণতায় লেনদেন চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। দুপুর সাড়ে ১২টায় লেনদেনের দুই ঘণ্টা শেষে ডিএসইতে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে। তবে সূচক সামান্য বেড়েছে। পাশাপাশি লেনদেনে গতি লক্ষ করা গেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টায় ডিএসইর ডিএসইএক্স সূচক ৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৬১৮ পয়েন্টে।
এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ইতিবাচক প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়, যা এখনো অব্যাহত রয়েছে।
এই সময়ে ডিএসইতে ২৭৯ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। হাতবদল হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৭৬টিরই দাম কমেছে, বেড়েছে ৭১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
এই সময় পর্যন্ত ডিএসইতে ৩৫৮ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে।
আলোচ্য সময়ে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে গ্রামীণফোন, লাফার্জ সুরমা সিমেন্ট, হেইডেলবার্গ সিমেন্ট, পদ্মা অয়েল, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, মেঘনা পেট্রোলিয়াম, মতিন স্পিনিং, স্কয়ার ফার্মা, ফ্যামিলিটেক্স, বিএসসিসিএল প্রভৃতি।