ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন নিষ্পত্তির সময় কমছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামী ১৬ এপ্রিল থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ারের লেনদেন নিষ্পত্তির সময় কমছে। ওই দিন থেকে টি প্লাস টু (টি+২) কার্যকর করা হবে। আজ রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে বলা হয়, টি প্লাস টু কার্যকর হলে লেনদেন নিষ্পত্তির সময় এক দিন কমে তিন দিনে নেমে আসবে। বর্তমানে ডিএসইতে শেয়ার নিষ্পত্তিতে ন্যূনতম চার দিন সময় লাগে। এর আগে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) লেনদেন নিষ্পত্তির সময় এক দিন কমিয়ে আনে।
ডিএসই সূত্রে জানা যায়, পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) পরামর্শক্রমে এক মাস সময় দিয়ে নতুন এই সিদ্ধান্ত কার্যকরের উদ্যোগ নেওয়া হয়েছে; যেন এই সময়ের মধ্যে ডিএসইতে লেনদেনের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করতে পারে।