ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচক কমেছে ২১ পয়েন্ট, চট্টগ্রামে ৩৯ পয়েন্ট
সপ্তাহের দ্বিতীয় দিন আজ সোমবার সূচকের নিম্নমুখী প্রবণতায় শেষ হয়েছে দেশের দুই শেয়ারবাজারের লেনদেন। দিনের লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ২১ পয়েন্ট। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কমেছে ৩৯ পয়েন্ট। পাশাপাশি লেনদেনও কমেছে দুই বাজারে। তবে শুরুতে দুই স্টক এক্সচেঞ্জে ইতিবাচক প্রবণতায় ছিল সূচক।
ডিএসইতে সূচক কমেছে ২১ পয়েন্ট
দিনের লেনদেন শেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিএসইএক্স সূচক ২১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে চার হাজার ৬৬৫ পয়েন্টে।
এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। বেলা সাড়ে ১১টার দিকে সূচক ২৮ পয়েন্ট বেড়ে যায়। এরপর সূচক কমতে শুরু করে, যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।
ডিএসইতে আজ ২৯১টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১১৫টির দাম বেড়েছে, কমেছে ১৩৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
ডিএসইতে আজ ৪০১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের ১০৯ কোটি টাকা কম। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে ৫১০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।
সিএসইতে সূচক কমেছে ৪৩ পয়েন্ট
ডিএসইর পাশাপাশি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক কমেছে। লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক ৩৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৪৮৭ পয়েন্টে।
সিএসইতে আজ ২১৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ৮৫টির দাম বেড়েছে, কমেছে ১০৭টির আর অপরিবর্তিত রয়েছে ২৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
সিএসইতে আজ ৪২ কোটি টাকা লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে তিন কোটি টাকা কম। গতকাল চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৪৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।
ডিএসইতে লেনদেনে শীর্ষে লাফার্জ সুরমা সিমেন্ট
গতকালের মতো আজও ডিএসইতে লেনদেনে শীর্ষে রয়েছে লাফার্জ সুরমা সিমেন্ট। আজ এই প্রতিষ্ঠানের ২৮ কোটি টাকার লেনদেন হয়েছে। এ ছাড়া স্কয়ার ফার্মা, বিএসসিসিএল, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, বেক্সিমকো ফার্মা, যমুনা অয়েল, স্কয়ার টেক্সটাইল, মেঘনা পেট্রোলিয়াম, গ্রামীণফোন, পদ্মা অয়েল প্রভৃতি লেনদেনের শীর্ষে উঠে আসে।